উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২১ সালের বিধানসভা ভোট পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় করা একটি পোস্টকে কেন্দ্র করে আইনি বিপাকে পড়েছেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। ভোট পরবর্তী হিংসায় উসকানির অভিযোগ তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এবার সেই এফআইআর খারিজের আবেদন জানিয়ে (Quash FIR) কলকাতা হাইকোর্টের (Calcutta Excessive Court docket) দ্বারস্থ হলেন পরমব্রত। আগামী ২৯ মে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।
ঘটনার সূত্রপাত ৫ বছর আগের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের দিন। সেবার বিধানসভা ভোটের প্রচারে বিজেপি নেতা দিলীপ ঘোষ শিল্পীদের নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এরপর ফল ঘোষণার দিন তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হতেই পরমব্রত চট্টোপাধ্যায় তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, ‘আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।’ এই পোস্টে সমর্থন জানিয়ে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় লিখেছিলেন, ‘হাহাহা হোক হোক!’
আর এই পোস্টের জন্যেই সম্প্রতি আইনজীবী জয়দীপ সেন গড়িয়াহাট থানায় পরমব্রত ও স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন। অভিযোগকারীর দাবি, ওই পোস্টগুলি রাজনৈতিক হিংসায় ইন্ধন যুগিয়েছিল (Put up-poll violence)। রাজনৈতিক মহলে এই ইস্যু নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। গত শনিবারই এই মামলার প্রেক্ষিতে গড়িয়াহাট থানায় স্বস্তিকা হাজিরা দিলেও যাননি পরমব্রত। তবে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা।
