উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: হাসপাতালে ভর্তি টলিউড অভিনেত্রী তথা বিজেপি বিধায়ক (BJP MLA) পাপিয়া অধিকারী (Papia Adhikary)। শনিবার কলকাতার এমআর বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে (Hospitalized)। হাসপাতাল সূত্রে খবর, শনিবার দুপুরে একটি অত্যন্ত সূক্ষ্ম মাইক্রো সার্জারির (Micro Surgical procedure) জন্য তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই নখকুনির সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ‘প্যারোনাইকিয়া’ (Paronychia) বলা হয়। সাধারণত এই রোগটি খুব একটা জটিল না হলেও, সময়মতো সচেতন না হলে সংক্রমণ মারাত্মক আকার ধারণ করতে পারে। তাই আর কোনও ঝুঁকি না নিয়ে, হাসপাতালের জরুরি বিভাগ থেকে পাপিয়া অধিকারীকে সরাসরি অপারেশন থিয়েটারে (OT) স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা।
বর্তমানে এমআর বাঙুর হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডক্টর শিশির নস্কর (Dr. Sisir Naskar) নিজে এই গোটা বিষয়টির ওপর কড়া নজর রাখছেন। তাঁরই প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং হাসপাতালের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ সার্জনদের একটি বিশেষ টিম এই মাইক্রো সার্জারিটি পরিচালনা করছেন।
একটি সরকারি হাসপাতালের এমন বিশ্বমানের পরিকাঠামো এবং চিকিৎসকদের যুদ্ধকালীন তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছে পাপিয়া অধিকারীর পরিবার ও তাঁর ঘনিষ্ঠজনেরা। দ্রুত সঠিক সিদ্ধান্ত নিয়ে চিকিৎসা শুরু করার জন্য চিকিৎসকদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী-বিধায়ক নিজে।

