উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী এলাকা ফের রক্তক্ষয়ী জঙ্গি হামলায় কেঁপে উঠল। বৃহস্পতিবার রাতে উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের টাঙ্ক (Tank) জেলায় একটি সামরিক নিরাপত্তাচৌকিতে (Checkpost) বিস্ফোরক ভর্তি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালায় উগ্রপন্থীরা। এই ভয়াবহ বিস্ফোণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে শুক্রবার সেদেশের সেনাসূত্রে নিশ্চিত করা হয়েছে।
হত্যালীলার তীব্রতা এতটাই বেশি ছিল যে সেনাচৌকিটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়। পাকিস্তানি সেনার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতের তালিকায় রয়েছেন ১২ জন সেনা সদস্য, ২ জন পুলিশ কর্মী এবং বন বিভাগের ১ জন সরকারি আধিকারিক। সেনার মুখপাত্র জানান, “বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দ্রুত গতিতে এসে সেনাচৌকির সীমানা প্রাচীরে সজোরে ধাক্কা মারে। বিস্ফোরণের তীব্র আঘাতে মূল কাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজন সেনাকর্মী প্রাণ হারান।” হামলার পরপরই নিরাপত্তা বাহিনীর পাল্টা জবাবে ১২ জন উগ্রপন্থী নিহত হয়েছে বলে সেনাসূত্রে জানানো হয়েছে।
যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠন এই ঘটনার দায় স্বীকার করেনি, তবে ওই অঞ্চলে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) সহ বেশ কয়েকটি কট্টরপন্থী তালিবানি গোষ্ঠী দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। খাইবার পাখতুনখাওয়া সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সেনা ও স্থানীয় পুলিশ পুরো এলাকাটি কর্ডন করে রেখে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে।

