সিদ্ধার্থশংকর সরকার, পুরাতন মালদা: বড়দিনের আবহে মালদার (Malda) মানুষ যখন কার্নিভালে মেতেছেন তখন পুরাতন মালদার (Outdated Malda) কার্নিভালকে ঘিরে ফের দেখা দিল নতুন বিতর্ক। নতুন বছরকে স্বাগত জানাতে আগামী ৩ জানুয়ারি থেকে পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ি বিবেকানন্দ মোড়ে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ‘বর্ষবরণ উৎসব ও কার্নিভাল’। ৫ জানুয়ারি পর্যন্ত চলা এই বর্ণাঢ্য উৎসবকে কেন্দ্র করে বর্তমানে তুঙ্গে উঠেছে রাজনৈতিক বিতর্ক। একসময়ের ৩৪ নম্বর জাতীয় সড়কের (বর্তমানে রাজ্য পূর্ত দপ্তরের অধীনস্থ রাস্তা) একাংশ আটকে এই উৎসবের আয়োজন করায় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতারাও। বিষয়টিকে ঘিরে রাজনৈতিক তর্জাও শুরু হয়েছে। মূল রাস্তার ওপর মঞ্চ ও কার্নিভালের আয়োজন করায় তীব্র যানজট ও দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে অভিযোগ। এই পরিকল্পনাহীন আয়োজনের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা। একেই দীর্ঘ প্রায় ২৩ দিন পুরসভার চেয়ারম্যান না থাকায় এবারের কার্নিভাল সময়ের থেকে পরে হচ্ছে। তার মধ্যে আবার নতুন এই বিতর্ক কানির্ভালকে ঘিরে।
বিষয়টিতে পুরাতন মালদা পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বৈশিষ্ট্য ত্রিবেদী সরাসরি পুরসভাকেই বিঁধেছেন। তিনি বলেন, ‘রাস্তা বন্ধ করে উৎসব করার কোনও মানে হয় না। শহরে অনেক ফাঁকা মাঠ ছিল, সেখানে আয়োজন করলে ভালো হত। কোনও দুর্ঘটনা ঘটলে এর দায় পুরসভাকেই নিতে হবে।’
এমনকি উৎসবের আমেজ থাকলেও নিরাপত্তার অভাব নিয়ে চিন্তিত স্থানীয় বাসিন্দারাও। স্থানীয় বাসিন্দা পূর্ণচন্দ্র ঘোষ বলেন, ‘আমরা চাই উৎসব হোক, কিন্তু উৎসবের আনন্দ যেন নিরানন্দে পরিণত না হয়। পুলিশ ও পুরসভাকে উৎসব চলাকালীন অত্যন্ত সজাগ থাকতে হবে। কারণ দুর্ঘটনা তো আর বলে-কয়ে আসে না।’ আরেক স্থানীয় উত্তম নন্দী বিষয়টিকে জনগণের নজর ঘোরানোর কৌশল হিসেবে দেখছেন। তাঁর অভিযোগ, চেয়ারম্যান বদলের ডামাডোলে মানুষ সঠিক পুর পরিষেবা পাননি, সেই ব্যর্থতা ঢাকতেই তড়িঘড়ি কোনও পরিকল্পনা ছাড়াই এই উৎসব হচ্ছে।
বিরোধী নেত্রী বিজেপির (BJP) বাসন্তী রায় বলেন, ‘রাস্তার একাংশ আটকে দিয়ে বর্ষবরণ উৎসব করলে যান চলাচল ব্যাহত হবে। সর্বোপরি জনগণের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। উৎসব যদি করতে হয় তাহলে নিরাপত্তা ব্যবস্থা যাতে জোরদার হয়। এটি প্রশাসনকে খেয়াল রাখতে হবে।’ কিন্তু বিতর্ক ও আশঙ্কা থাকলেও পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার আশ্বাস দিয়েছে প্রশাসন ও পুর কর্তৃপক্ষ।
পুর চেয়ারম্যান বিভূতিভূষণ ঘোষ বলেন, ‘আমরা পরিকল্পনা করেই এগোচ্ছি। যানজট নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকা পালন করবে।’ মালদা থানার পুলিশকর্তারা জানিয়েছেন, উৎসব চলাকালীন যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা দুর্ঘটনা এড়াতে পুলিশবাহিনী সদা সতর্ক থাকবে। যান চলাচল স্বাভাবিক রাখতে এবং ভিড় সামলাতে বিশেষ নজরদারি চালানো হবে। রাস্তার একাংশ বন্ধ থাকলেও বিকল্প রাস্তা খুলে দেওয়া হবে।
