ওদলাবাড়ি: প্রাতঃভ্রমণে বেরিয়ে মর্মান্তিক পরিণতি (Street accident)। দ্রুতগতির গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই পথচারী মহিলার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ওদলাবাড়ির (Oodlabari) চেল সেতু সংলগ্ন এলাকায়। নিহতদের নাম সুমা দেবী প্রসাদ (৪০) এবং দীপমালা থাপা ছেত্রী (৩৫), তাঁরা যথাক্রমে ওদলাবাড়ি বাজার ও দেবীপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও ওই দুই মহিলা হাঁটতে বেরিয়েছিলেন। সেই সময় মালবাজার থেকে সিকিমগামী একটি দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সুমা দেবী প্রসাদের। অন্যদিকে, গুরুতর জখম অবস্থায় দীপমালা থাপা ছেত্রীকে দ্রুত ওদলাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ওই দুই মহিলাকে ধাক্কা মেরে গাড়িটি ১৭ নম্বর জাতীয় সড়কের পাশে থাকা গার্ডরেলে আটকে পড়ে। ঘটনার খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ ও ট্রাফিক কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ঘাতক গাড়িটি এবং তার চালককে আটক করেছে পুলিশ।
বারবার চেল সেতু সংলগ্ন এলাকায় এই ধরনের দুর্ঘটনা ঘটায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, জাতীয় সড়কের এই অংশে যানবাহনের বেপরোয়া গতি রুখতে প্রশাসনের তরফে কোনও সদর্থক পদক্ষেপ করা হচ্ছে না। এদিকে, মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শুরু করেছে মালবাজার থানার পুলিশ। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

