উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কাজ থেকে বাড়ি ফেরার পথে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল মুখোশধারী ৩ দুষ্কৃতীর বিরুদ্ধে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওডিশার সুবর্ণপুর জেলায়। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ দুই সন্দেহভাজনকে আটক করেছে। তৃতীয়জনের খোঁজ চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী একটি শোরুমের কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কাজ থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় মুখোশধারী তিন দুষ্কৃতী তাঁর পথ আটকায়। তারা চেতনানাশক স্প্রে করে। এতে ওই তরুণী জ্ঞান হারান। এরপর তাঁকে রাস্তার পাশের জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়।
শুক্রবার সকালে জ্ঞান ফিরলে নির্যাতিতা বীরমহারাজপুর থানায় অভিযোগ দায়ের করেন। তবে অভিযুক্তরা মুখোশ পরে থাকায় নির্যাতিতা তাদের শনাক্ত করতে পারেননি। এই ঘটনায় জড়িত সন্দেহে গতকাল দুজনকে আটক করেছে পুলিশ। বীরমহারাজপুরের এসডিপিও হেমন্ত রাও জানিয়েছেন, তরুণীর মেডিকেল টেস্ট হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে।
