রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে একসঙ্গে ১০০ জন অধ্যাপক চিকিৎসকের বদলির নির্দেশিকা জারি হয়েছে। রাজ্য সরকার বদলের পর একসঙ্গে এত চিকিৎসকের বদলি এই প্রথম। তাৎপর্যপূর্ণভাবে উত্তরবঙ্গ লবির (North Bengal Foyer and Physician Switch) অন্যতম মাথা, প্রাক্তন বিধায়ক ডাঃ সুদীপ্ত রায়ের দুই মেয়েকেই উত্তরবঙ্গে বদলি করা হয়েছে। খোদ সুদীপ্ত এই ঘটনায় ক্ষুব্ধ। তিনি বলেছেন, ‘প্রতিহিংসাপরায়ণতা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আমি মনে করি। কেননা, আমার এক মেয়েকে মালদা মেডিকেলে কার্ডিয়াক সার্জারি বিভাগে বদলি করা হয়েছে। সেখানে কার্ডিয়াক সার্জারি বিভাগই নেই। বসার চেয়ার-টেবিলও নেই।’ অবশ্য এ নিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডাঃ শারদ্বত মুখোপাধ্যায় বলছেন, ‘সরকারি নিয়ম মেনেই বদলি হয়েছে। বরং প্রাক্তন বিধায়কের দুই তনয়া নিয়মবহির্ভূতভাবে ১০-১১ বছর ধরে কলকাতায় একই জায়গায় কর্মরত ছিলেন। এখানে প্রতিহিংসাপরায়ণতার কোনও বিষয় নেই।’
মন্ত্রীর সংযোজন, ‘আমার অবাক লাগছে যে, এতদিন পর প্রাক্তন বিধায়কের প্রতিহিংসার কথা মনে পড়ল। গত ১৫ বছরে এর চেয়েও মারাত্মক সব কাজকর্ম করে গিয়েছেন ওঁরা।’
রাজ্যে সরকার বদলের পরেই উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ শুরু হয়েছে। এই লবির প্রথম সারির দুই চিকিৎসক নেতা অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ করা হয়েছে। এই লবির অপর এক নেতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের মেয়ের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। এবার উত্তরবঙ্গ লবির অন্যতম মাথা, শ্রীরামপুরের প্রাক্তন বিধায়ক তৃণমূল কংগ্রেসের ডাঃ সুদীপ্ত রায়ের দুই মেয়েকে এসএসকেএম থেকে গঙ্গার এপারে বদলি করা হল।
বুধবার স্বাস্থ্য দপ্তর রাজ্যের ১০০ জন অধ্যাপক চিকিৎসককে বিভিন্ন মেডিকেলে বদলি করেছে। সেই তালিকায় সুদীপ্ত রায়ের দুই মেয়ে— এসএসকেএম-এর প্রসূতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর সুবেশা বসু রায় এবং একই মেডিকেলে কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জারির (সিটিভিএস) অ্যাসোসিয়েট প্রফেসর শিল্পা বসু রায়ের নাম রয়েছে। এই দুই চিকিৎসকই দীর্ঘদিন ধরে এসএসকেএম হাসপাতালে কর্মরত ছিলেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে।
ডাঃ সুবেশা বসু রায়কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রসূতি বিভাগে পাঠানো হয়েছে। এদিকে, ডাঃ শিল্পা বসু রায়কে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে। এই বদলির সিদ্ধান্তে চিকিৎসকদের একটা বড় অংশ অবশ্য খুশি। তাঁদের বক্তব্য, সুদীপ্ত রায়, সুশান্ত রায়রা গত কয়েক বছরে প্রচুর অধ্যাপক চিকিৎসককে কলকাতা থেকে তুলে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলে পাঠিয়েছেন। এবার তাঁদের এই ফল ভুগতেই হবে।
অন্যদিকে, বুধবার জারি হওয়া বিজ্ঞপ্তিতে উত্তরবঙ্গ মেডিকেলের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ নিশীথরঞ্জন মল্লিককে কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে। এই চিকিৎসক এখানে অনিয়মিত যাতায়াত করতেন বলে বহুদিন ধরে অভিযোগ উঠছিল। তবে বছর কয়েক আগে উত্তরবঙ্গ মেডিকেল থেকে কোচবিহারের এমজেএন মেডিকেলে বদলি হওয়া মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ সৈকত দত্তকে উত্তরবঙ্গ মেডিকেলে ফেরানো হয়েছে। উত্তরবঙ্গ মেডিকেলের শিশু বিভাগের প্রধান ডাঃ মধুমিতা নন্দীকে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে।

