শিলিগুড়ি: রবিবার রাতে এনজেপি (NJP) থানার আইওসি সংলগ্ন বিপিসিএল রোডে অভিযান চালানোর সময় আক্রান্ত (attacked) হলেন এক পুলিশ (Police) আধিকারিক। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রাতেই পুলিশ গোবিন্দ রায়, আশিস শা, অমিত রায়, বাবু রায় ও বাসুদেব সরকার নামে পাঁচ জনকে গ্রেপ্তার করে। ধৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অভিযুক্তদের আদালত ৮ দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছে।
পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো রবিবার রাতে এএসআই মুন্না আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল টহলদারি শুরু করেছিল। আইওসি রোড হয়ে বারিভাসার দিকে যাওয়ার পথে রাস্তার পাশে জটলা দেখে পুলিশের জিপটি থমকে যায়। অভিযোগ, জটলা পাকিয়ে সেখানে নেশার আসর চলছিল। পুলিশের দলটি গাড়ি থেকে নেমে তেড়ে যেতে কয়েকজন সেখান থেকে পালিয়ে গেলেও পুলিশ কয়েকজনকে ধরে ফেলে। এরপরেই সেখানে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের বিবাদ শুরু হয়। অভিযোগ সেই সময় এক দুষ্কৃতী মদের বোতল ভেঙে ওই এএসআই-এর মাথায় সজোরে আঘাত করে। আঘাতে ওই আধিকারিকের মাথা ফেটে যায়। এমন পরিস্থিতিতে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
এদিকে, খবর পেয়ে রাতে বড় পুলিশ বাহিনী সেখানে পৌছায়। রাতে এলাকায় তল্লাশি চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। বাকিদের খোঁজেও তল্লাশি জারি রয়েছে। আহত ওই পুলিশ আধিকারিক বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।
