নিশিগঞ্জ: বুধবার কোচবিহার (Cooch Behar) জেলার নিশিগঞ্জে এক নৃশংস জোড়া খুনের (Nishiganj Homicide Case) ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। একটি কুল গাছ কাটাকে কেন্দ্র করে সামান্য বিবাদের জেরে খুড়তুতো দাদার হাতে প্রাণ হারালেন দম্পতি। মৃতদের নাম দিলীপ বর্মন ও সম্পা বর্মন। প্রকাশ্য দিবালোকে এই খুনের ঘটনায় স্তম্ভিত নিশিগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাকুয়াটারি এলাকার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বাড়ির সীমানায় একটি কুল গাছ কাটাকে কেন্দ্র করে দিলীপ বর্মনের সঙ্গে তাঁর খুড়তুতো দাদার বচসা শুরু হয়। অভিযোগ, বিবাদ চলাকালীন হঠাৎই অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে দিলীপবাবুর ওপর চড়াও হন। স্বামীকে বাঁচাতে ছুটে আসেন স্ত্রী সম্পা বর্মন। অভিযুক্ত উভয়কেই লক্ষ্য করে এলোপাথাড়ি কোপাতে শুরু করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই রক্তাত্ত অবস্থায় লুটিয়ে পড়েন দম্পতি। চিৎকারে স্থানীয়রা ছুটে আসার আগেই অভিযুক্ত সেখান থেকে চম্পট দেয়।
এদিন খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙ্গা থানা (Ghoksadanga Police) ও নিশিগঞ্জ ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। মাথাভাঙ্গার এসডিপিও (SDPO) সমরেণ হালদার জানান, ‘অপরাধীকে ধরতে পুলিশ তদন্তে নেমেছে।। মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার পর এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (West Bengal Crime Information)।
