উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: একদিকে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর মেগা ম্যাচ, অন্যদিকে ভেনেজুয়েলার ভয়াবহ মানবিক বিপর্যয়। মাঠের বাইরের এক মহৎ উদ্যোগে ফের শিরোনামে উঠে এলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র (Neymar)। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে (Venezuela Earthquake) ক্ষতিগ্রস্তদের সহায়তায় তিনি ২ লক্ষ ৫০ হাজার ডলার—ভারতীয় মুদ্রায় যা প্রায় ২ কোটি ৩৬ লক্ষ টাকার সমান—অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ভেনেজুয়েলার সংবাদমাধ্যম ‘El Sumario.com’-এর প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ১৪৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩২৩৮ জন এবং গৃহহীন হয়েছেন ৩১৪২টি পরিবার। ভেনেজুয়েলার জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, এই কঠিন সময়ে নেইমারের এই অনুদান জরুরি উদ্ধারকাজ, খাদ্য, বিশুদ্ধ পানীয় জল, চিকিৎসা সামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করতে সরাসরি ব্যয় করা হবে। এই মানবিক পদক্ষেপের বিষয়ে নেইমার আবেগঘন কণ্ঠে জানিয়েছেন, “ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই সামান্য সহযোগিতা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কিছুটা শক্তি ও স্বস্তি দেবে।”
মাঠের লড়াইয়েও কিন্তু প্রস্তুত নেইমার। সোমবার রাতে বিশ্বকাপের রাউন্ড অফ ৩২-এর ম্যাচে জাপানের বিরুদ্ধে মুখোমুখি হবে কার্লো আন্সেলোত্তির ব্রাজিল। চোটের কারণে এতদিন মাঠের বাইরে থাকলেও, শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে পরিবর্ত হিসেবে নেমে ২০ মিনিট খেলেছিলেন তিনি। কোচ আন্সেলোত্তি জানিয়েছেন, নেইমারের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তিনি এখন আরও বেশি সময় খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ফলে জাপানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ এই ম্যাচে সেলেকাওদের প্রথম একাদশে নেইমারের দেখা পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
একদিকে দেশের হয়ে বিশ্বকাপ (World Cup 2026), জয়ের স্বপ্ন, অন্যদিকে মানবতার সেবায় এগিয়ে আসা—নেইমারের এই জোড়া ভূমিকায় মুগ্ধ ফুটবল বিশ্ব। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি তাঁর এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে ব্রাজিল সমর্থকদের অনুপ্রেরণা জোগাবে। জাপানের বিরুদ্ধে মেগা ম্যাচে নেইমার জ্বলে উঠবেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষায় আপামর ফুটবলপ্রেমীরা।

