উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: প্রকৃতির ধ্বংসলীলায় (Nepal Floods) বিধ্বস্ত নেপালে আটকে গিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে বেড়াতে যাওয়া ৩৯ জন পর্যটক। এখনও পর্যন্ত বসিরহাটের মাত্র দু’জন নাগরিকের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়েছে, যাঁদের বিমানযোগে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। বাকি ৩৭ জনের এখনও পর্যন্ত কোনও খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবারগুলি। মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের স্ত্রী শর্মিষ্ঠা রায় কৈলাস যাত্রায় গিয়ে নিখোঁজ থাকায় তাঁর সঙ্গেও কথা বলে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
এদিন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিখোঁজ পর্যটকদের খোঁজে নেপালে একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে। পাশাপাশি, নিখোঁজদের স্বজনদের সুবিধার জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলার আর্জিও মঞ্জুর করা হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, গোটা দেশ থেকে প্রায় ৩২০ জন ভারতীয়ের সঙ্গে এখনও যোগাযোগ বিচ্ছিন্ন। এর মধ্যেই কাঠমান্ডু (Kathmandu) থেকে ২১ জন তামিলনাড়ুর বাসিন্দা দিল্লি বিমানবন্দরে নিরাপদে ফিরেছেন। নেপাল পর্যটন মন্ত্রকের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেল পর্যন্ত ৮৫ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে।
এদিকে, নিখোঁজ বাংলার পর্যটকদের সিংহভাগ অর্থাৎ ৩২ জনই কলকাতার একটি নির্দিষ্ট ট্যুর অপারেটরের মাধ্যমে নেপালে পাড়ি দিয়েছিলেন। সেই সংস্থার পাঠানো চার সদস্যের একটি দল ইতিমধ্যে কাঠমান্ডুর বিভিন্ন হাসপাতাল ও মর্গে তল্লাশি চালালেও এখনও সুসংবাদ মেলেনি। উল্টে নতুন করে হড়পা বানের লাল সতর্কতা জারি হওয়ায় শনিবার উদ্ধারকাজে বড়সড় ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছে।

