Nepal flash flood miracle | ভেসে গিয়েছে বৃদ্ধাশ্রম, চার ঘণ্টা ধ্বংসস্তূপে বন্দি! কাদামাটির স্তুপ সরিয়ে ৯৭ বছরের বৃদ্ধার প্রাণ বাঁচাল নেপালি সেনা

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ধ্বংসস্তূপের নিচে মৃত্যুর সঙ্গে চার ঘণ্টারও বেশি সময় ধরে পাঞ্জা কষে অবশেষে জীবনযুদ্ধে জয়ী হলেন ৯৭ বছরের বৃদ্ধা গুনা মায়া বোহারা (Nepal flash flood miracle)। নেপালের রাসুয়া জেলায় ভোটেকোশী নদীর প্রলয়ঙ্করি হড়পা বানে তাঁর আশ্রয় নেওয়া বৃদ্ধাশ্রমটি মুহূর্তের মধ্যে সম্পূর্ণ জল ও কাদার পুরু আস্তরণে তলিয়ে যায়। পরিবারের সকলেই যখন আশা ছেড়ে দিয়েছিলেন, ঠিক তখনই নেপালি সেনার নিরলস চেষ্টায় অলৌকিকভাবে জীবিত অবস্থায় উদ্ধার করা হলো এই বৃদ্ধাকে।

ঘটনার দিন রাসুয়ায় হড়পা বানের খবর পেয়েই কাঠমান্ডু থেকে তড়িঘড়ি ছুটে যান গুনার নাতি-নাতনিরা। কিন্তু বৃদ্ধাশ্রমের বদলে কেবল কাদার বিশাল স্তূপ দেখে প্রথমে কেউই এগোতে সাহস পাননি। পরবর্তীতে গুনার এক নাতি ও তাঁর ছেলে গাছের সঙ্গে দড়ি বেঁধে জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের কাছে পৌঁছান এবং বুঝতে পারেন ভেতরে একজন বেঁচে আছেন। সেনাকে খবর দেওয়া হলে প্রায় চার ঘণ্টা ধরে কোদাল ও খালি হাতে কাদা সরিয়ে ৯৭ বছরের বৃদ্ধাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া উদ্ধারকাজের একটি ভিডিওতে দেখা গিয়েছে, সেনার পেলোডারের সামনে কাদা মাখা পোশাকে বসে আছেন গুনা। পাথরের মতো স্থির দৃষ্টিতে চড়ে ওঠা কাদার বহরের দিকে তাকিয়ে রয়েছেন তিনি। চোখের সামনে স্বজন হারানো এই চরম বিয়োগান্তক বিপর্যয়ে ৯৭ বছরের এই ‘যোদ্ধা’ বৃদ্ধাই যেন এখন গোটা নেপালের উদ্ধারকাজের প্রধান প্রতীক ও আশা-ভরসার নতুন আলো হয়ে উঠেছেন।

গত বুধবার সকালে নেপাল-তিব্বত সীমান্তের রাসুয়া জেলায় এই ভয়াবহ হিমবাহ ধস ও হড়পা বানে সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪ এবং এখনও নিখোঁজ ২৩০০-র বেশি মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *