NEET UG 2026 Re-Examination | নিট পুনঃপরীক্ষায় স্বচ্ছতা রক্ষায় বড় পদক্ষেপ, ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হল ‘টেলিগ্রাম’!

NEET UG 2026 Re-Examination | নিট পুনঃপরীক্ষায় স্বচ্ছতা রক্ষায় বড় পদক্ষেপ, ভারতে সাময়িকভাবে নিষিদ্ধ হল ‘টেলিগ্রাম’!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আগামী ২১ জুন আয়োজিত হতে চলেছে নিট (ইউজি) ২০২৬-এর পুনঃপরীক্ষা (NEET UG 2026 Re-Examination)। আর এই পরীক্ষাকে ঘিরে যাবতীয় জল্পনা ও জালিয়াতি রুখতে কঠোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত গুজব (Paper leaks) ও সাইবার জালিয়াতি (Cyber fraud) ঠেকাতে ভারতে ‘টেলিগ্রাম’ অ্যাপের ওপর জারি করা হল সাময়িক নিষেধাজ্ঞা (Telegram Banned)।

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর বিবৃতি অনুযায়ী, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, ২০০০-এর ৬৯এ ধারার অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২২ জুন পর্যন্ত ভারতে টেলিগ্রামের পরিষেবা সীমাবদ্ধ থাকবে। এছাড়া, আগামী ৩০ জুন পর্যন্ত টেলিগ্রামে পাঠানো বার্তা সম্পাদনা বা এডিট করার ফিচারটিও নিষ্ক্রিয় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এই কড়া সিদ্ধান্তের নেপথ্যেও রয়েছে কারণ। জানা গিয়েছে, সম্প্রতি এনটিএ-র নজরে আসে, টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের নামে ভুয়ো দাবি ছড়ানো হচ্ছিল। বিশেষ করে, টেলিগ্রামের ‘মেসেজ এডিট’ ফিচারটিকে কাজে লাগিয়ে প্রতারকরা পুরোনো কোনও সাধারণ মেসেজ এডিট করে তাতে পরীক্ষার পর প্রশ্নপত্র সংযুক্ত করত। এরপর সেই পুরোনো স্ক্রিনশট ছড়িয়ে দেওয়া হত যেন তা পরীক্ষা শুরুর আগেই ফাঁস হয়েছে। এনটিএ স্পষ্টভাবে জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রতারণামূলক। এই চক্রগুলি হাজার থেকে লক্ষাধিক টাকা পর্যন্ত হাতিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি) এবং বিভিন্ন রাজ্যের পুলিশ যৌথভাবে এই জালিয়াতি রুখতে কাজ করছে। ইতিমধ্যে বেশ কিছু সন্দেহভাজন চ্যানেল ও গ্রুপ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আহমেদাবাদ সাইবার ক্রাইম শাখা একটি আন্তঃরাজ্য প্রতারক চক্রকে গ্রেপ্তার করেছে, যারা টেলিগ্রামের মাধ্যমে প্রায় দেড় কোটি টাকার লেনদেন চালিয়েছিল।

এনটিএ-এর তরফে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত সাময়িক এবং পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতেই নেওয়া হয়েছে। হাজার হাজার পরীক্ষার্থীকে গুজবে কান না দিয়ে কেবল সরকারি ওয়েবসাইটের আপডেটের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার নিরাপত্তা নিয়ে পরীক্ষার্থীদের আতঙ্কিত না হওয়ার আশ্বাস দিয়েছে এনটিএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *