NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

NEET UG 2026 | নিট কেলেঙ্কারি: দায় স্বীকার কেন্দ্রের! পুনরায় পরীক্ষা নিয়ে বড় ঘোষণা 

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ২০২৪-এর দুঃস্বপ্ন কাটতে না কাটতেই ২০২৬ সালেও নিট (NEET UG 2026) প্রশ্নফাঁস বিতর্কে চরম অস্বস্তিতে কেন্দ্র। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট জানালেন, রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ মানা সত্ত্বেও ‘কমান্ড চেনে’ বা পরিচালন ব্যবস্থায় বড়সড়ো ত্রুটি ছিল। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই গত ৩ মে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

এদিন মন্ত্রী বলেন, “রাধাকৃষ্ণন কমিটির সুপারিশ অনুসরণ করার পরেও ব্যবস্থার মধ্যে ফাঁক থেকে গিয়েছিল। আমরা সেই দায় স্বীকার করছি এবং ব্যবস্থার উন্নতির জন্য দায়বদ্ধ।” প্রাক্তন ইসরো প্রধান কে. রাধাকৃষ্ণনের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি ৯৫টি সংস্কারের কথা বলেছিল, কিন্তু তারপরেও চলতি বছরে প্রশ্নফাঁস রোখা সম্ভব হয়নি। তদন্তের ভার এখন সিবিআই-এর (CBI) হাতে। মন্ত্রী আশ্বস্ত করেছেন যে, এনটিএ-র (NTA) অভ্যন্তরে কেউ জড়িত থাকলে তাদের রেয়াত করা হবে না।

সম্প্রতি একটি তদন্তকারী রিপোর্টে এনটিএ-র অন্দরের যোগসাজশের ইঙ্গিত মিলেছে। সেই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, সিবিআই অত্যন্ত বিশ্বাসযোগ্য সংস্থা এবং তারা গোটা বিষয়টি খতিয়ে দেখছে। এনটিএ-র কোথায় খামতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে সিবিআই দিল্লি আদালতকে জানিয়েছে যে, এই ফাঁসের উৎস সরাসরি এনটিএ-র ভেতর থেকেই হওয়ার সম্ভাবনা প্রবল।

পুনরায় পরীক্ষায় কী কী বদল আসছে?

আগামী ২১ জুন নিট-এর পুনরায় পরীক্ষায় (Re-NEET) অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের হয়রানি কমাতে একগুচ্ছ নতুন নিয়ম ঘোষণা করেছে কেন্দ্র:

অতিরিক্ত সময়: এবার ওএমআর শিট সই করার মতো আনুষ্ঠানিকতার জন্য শুরুতে ও শেষে বাড়তি ১৫ মিনিট সময় দেওয়া হবে। পরীক্ষার সময় হবে দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ পর্যন্ত।

কেন্দ্র নির্বাচনের সুযোগ: পরীক্ষার্থীরা এবার নিজের পছন্দের শহর পরীক্ষা কেন্দ্র হিসেবে বেছে নিতে পারবেন।

অ্যাডমিট কার্ড: আগামী ১৪ জুনের মধ্যে পরীক্ষার অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে।

সবচেয়ে বড় খবর হলো, আগামী বছর থেকে নিট পরীক্ষা আর কলম-কাগজে (Pen-Paper mode) নয়, বরং সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। সরকারের এই পদক্ষেপে লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *