উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দেশজুড়ে NEET-UG 2026 পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং প্রশাসনিক অনিয়মের জেরে সৃষ্ট প্রবল মানসিক চাপে দেশের তরুণ প্রজন্ম চরম পথ বেছে নিচ্ছে। গত মাত্র এক সপ্তাহে সারা দেশে ১১ জন নিট পরীক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, যার মধ্যে গত ৪৮ ঘণ্টাতেই ৫ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিক্ষাব্যবস্থার এই নজিরবিহীন ব্যর্থতায় সোচ্চার হয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) সরাসরি হস্তক্ষেপ দাবি করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)।
সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে (CJP) প্রধানমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি লিখে মৃত পরীক্ষার্থীদের পরিবারপিছু ১ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) ইস্তফার দাবি জানিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, সন্তানদের স্বপ্ন পূরণের জন্য অনেক পরিবারই বিপুল অঙ্কের শিক্ষামূলক ঋণ নিয়েছিলেন। ব্যবস্থার ব্যর্থতায় সেই স্বপ্ন চুরমার হওয়ার পাশাপাশি পরিবারগুলি আজ চরম আর্থিক বিপর্যয়ের মুখে।
চিঠিতে আরও বলা হয়েছে, আগামী ২১ জুন পুনরায় পরীক্ষার সিদ্ধান্ত পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সিজেপি-র দাবি, এই মৃত্যুর দায় কার, তা স্পষ্ট করতে হবে এবং নেতৃত্বকে জবাবদিহি করতে হবে। অন্যথায়, প্রশাসন এই অরাজকতাকেই স্বাভাবিক বলে মেনে নিচ্ছে বলে ধরে নেওয়া হবে।
উল্লেখ্য, গত ৩ মে ২২.৭ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় বসলেও প্রশ্ন ফাঁসের জোরালো অভিযোগে তা বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র। বর্তমানে সিবিআই এই দুর্নীতির তদন্ত করছে। এরই মাঝে গুজরাত, তামিলনাড়ু, রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও কর্নাটক থেকে ক্রমাগত পরীক্ষার্থীদের মৃত্যুর খবর সামনে আসছে। সম্প্রতি দেরাদুনে ৯৬.৭ শতাংশ নম্বর পাওয়া এক মেধাবী ছাত্রী এবং আমদাবাদে এক ১৭ বছর বয়সি ছাত্রের মৃত্যুর ঘটনায় গোটা দেশে শোকের ছায়া নেমে এসেছে। নতুন করে পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে এই পড়ুয়াদের মানসিক অবসাদ এবং শিক্ষাব্যবস্থার প্রতি অবিশ্বাসের এই ট্র্যাজেডি এখন জাতীয় বিতর্কের কেন্দ্রে।

