উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: হঠাৎ অসুস্থ ওডিশার (Orissa) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজু জনতা দলের প্রধান নবীন পট্টনায়েক (Naveen Patnaik)। রবিবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
দলীয় সূত্রে খবর, ৭৮ বছর বয়সি ওডিশার প্রাক্তন মুখ্যমন্ত্রী বার্ধক্যজনিত বেশ কিছু সমস্যায় ভুগছেন। শনিবার রাতে সমস্যা বেশি হয়।
এরপর ওইদিন চিকিৎসকেরা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করেন। চিকিৎসকদের পরামর্শেই রবিবার তাঁকে ভুবনেশ্বরের (Bhubaneswar) এক হাসপাতালে ভর্তি করানো হয়। সন্ধ্যায় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, নবীনের ডিহাইড্রেশন সংক্রান্ত সমস্যা রয়েছে। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসায় যথেষ্ট সাড়া দিচ্ছেন তিনি।
২২ জুন আর্থরাইটিসের সমস্যার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে নবীনের শিরদাঁড়ায় অস্ত্রপচার হয়েছে। এরপর তিনি ১২ জুলাই ওডিশার ফিরে আসেন। চিকিৎসা সেরে ২১ দিন পর ভুবনেশ্বর ফেরেন তিনি। ওই সময় বিজেডি নেতা কর্মীদের তরফে অভ্যর্থনা জানানো হয় নবীনকে। তাঁরা রাস্তায় দাঁড়িয়ে জয় জগন্নাথ স্লোগান দেন। ফের তাঁর অসুস্থতার খবরে উদ্বিগ্ন বিজেডির কর্মী-সমর্থকরা।
গত বছর ওডিশার বিধানসভা নির্বাচনে ক্ষমতা দখল করে বিজেপি। মুখ্যমন্ত্রীর পদ হারিয়ে বিরোধী দলনেতার পদে বসেন নবীন। প্রায় আড়াই দশক শাসন করার পরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে হয় তাঁকে।
