জামালদহ: জনপ্রতিনিধিদের পাকা সেতু তৈরির আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষার ভরা জলে ঝুঁকি এড়াতে এবার বাধ্য হয়ে নিজেদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব সামগ্রী দিয়ে (Native Initiative) নদীর ওপর বাঁশের সাঁকো নির্মাণ করছেন দুই পাড়ের বাসিন্দারা। কোচবিহার ও জলপাইগুড়ি জেলার সীমানা সংলগ্ন দোমুখা নদীর ওপর স্থানীয়দের এই উদ্যোগ বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ময়নাগুড়ি (Maynaguri) ব্লকের ২ নম্বর সাপটিবাড়ি এবং মেখলিগঞ্জের (Mekhliganj) রানীরহাটের আলোকঝাড়ির মাঝে বয়ে চলা দোমুখা নদীর ওপর পাকা সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। নদীর পূর্ব পাড়ে আলোকঝাড়ি গ্রাম এবং পশ্চিমে সাপটিবাড়ি এলাকা। সাপটিবাড়ি এলাকার বহু স্কুলপড়ুয়া প্রতিদিন আলোকঝাড়ি হাই স্কুলে যাতায়াত করে। এছাড়া হাজার হাজার মানুষ থার্মোকলের ভেলায় ভর করে চরম ঝুঁকিপূর্ণভাবে নদী পারাপার করেন।
স্থানীয়দের অভিযোগ, বাম আমল থেকে শুরু করে তৃণমূল জামানায়—বিভিন্ন সময়ে পাকা সেতুর দাবি জানানো হয়েছে। মেখলিগঞ্জের বিধায়ক দধিরাম রায়, ময়নাগুড়ির বিধায়ক ডালিম রায় এবং জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত কুমার রায় সেতু নির্মাণের আশ্বাস দিলেও কাজের অগ্রগতি হয়নি। কবে পাকা সেতু মিলবে, সেই অনিশ্চয়তার মাঝেই সাধারণ মানুষের চরম ভোগান্তি দূর করতে স্বেচ্ছাশ্রমে এই বাঁশের সাঁকো তৈরির কাজ শুরু হয়েছে।
The submit Local Initiative | পাকা সেতুর আশ্বাসেও মিলল না সুরাহা: নিজ উদ্যোগে বাঁশের সাঁকো বানাচ্ছেন গ্রামবাসীরা appeared first on Uttarbanga Sambad.
