উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : পশ্চিমবঙ্গে এখনও ‘মহা জঙ্গলরাজ’ চলছে, এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নদিয়ার তাহেরপুরে জনসভা করার কথা ছিল মোদির। কিন্তু খারাপ আবহাওয়া ও দৃশ্যমানতা কম থাকার কারণে নামতে পারেনি তাঁর হেলিকপ্টার। শেষ পর্যন্ত কপ্টারটি ঘুরিয়ে কলকাতায় ফিরিয়ে আনা হয়। এরপর কলকাতা থেকে ভার্চুয়ালি তাহেরপুরে নির্ধারিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি নিশানা করেন রাজ্যের শাসকদল তৃণমূলকে। বিহারে বিজেপির সাম্প্রতিক নির্বাচনি সাফল্যের প্রসঙ্গ টেনে মোদি বলেন, ‘‘পশ্চিমবঙ্গেও জঙ্গলরাজের অবসান হবে। বাংলার গলি-গলিতে আজ আওয়াজ উঠছে, ‘বাঁচতে চাই বিজেপি তাই’।’’ তিনি এদিন দাবি করেন, বাংলার সার্বিক উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে অর্থ বরাদ্দে কোনও ঘাটতি নেই। রাজ্যের অনুন্নয়নের দায় সরাসরি শাসকদল তৃণমূল কংগ্রেসের উপর চাপান প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, দুর্নীতির কারণেই সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এদিন ফের একবার বাংলায় ডবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন মোদি। আমজনতার উদ্দেশে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে একবার বিজেপির ডবল ইঞ্জিন সরকার বানিয়ে দেখুন। একবার বাংলায় বিজেপিকে সুযোগ দিন। বঙ্গবাসীর স্বপ্ন পূরণে আমরা সর্বশক্তি দিয়ে কাজ করব।’ তৃণমূলকে বিঁধে প্রধানমন্ত্রী বলেছেন, ‘অনুপ্রবেশকারীরা তৃণমূলের স্নেহধন্য। অনুপ্রবেশকারীদের বাঁচাতে বাংলায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের বিরোধিতা করছে ওরা।’
