Nagen Roy Netaji Controversy | নেতাজিকে নিয়ে নগেনের বিতর্কিত মন্তব্য ঘিরে ফুঁসছে উত্তরবঙ্গ! আইনি লড়াই থেকে বিশিষ্টজনদের যৌথ বিবৃতি

Nagen Roy Netaji Controversy | নেতাজিকে নিয়ে নগেনের বিতর্কিত মন্তব্য ঘিরে ফুঁসছে উত্তরবঙ্গ! আইনি লড়াই থেকে বিশিষ্টজনদের যৌথ বিবৃতি

ব্লগ/BLOG
Spread the love


কোচবিহার ও খড়িবাড়ি: নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে বিপাকে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা গ্রেটার নেতা নগেন রায় (Nagen Roy Netaji Controversy)। নগেনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছেন উত্তরবঙ্গের বিশিষ্টজনরা। নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের নামে মিথ্যে, বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করা হয়েছে, এই অভিযোগ তুলে যৌথ বিবৃতি প্রকাশ করেছেন প্রাক্তন উপাচার্য থেকে শুরু করে পদ্মশ্রী সম্মান প্রাপকরা। নগেনকে ক্ষমা চেয়ে নেওয়ার কথাও বলা হয়েছে। এদিকে কোচবিহারের পর বৃহস্পতিবার সাংসদের বিরুদ্ধে খড়িবাড়ি থানায় অভিযোগ জমা পড়েছে ফরওয়ার্ড ব্লকের দার্জিলিং জেলা কমিটির তরফে।

নেতাজি সম্পর্কে তাঁর কুমন্তব্যকে কেন্দ্র করে যখন বিতর্ক তুঙ্গে, তখন নগেনের অনুগামীরা আবার তাঁকে সমর্থন করে সামাজিক মাধ্যমে (Social Media) জোর প্রচার চালাচ্ছেন। নগেন নিজেও তাঁর মন্তব্যে অটুট। যদিও সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় উঠেছে। বুধবার প্রাক্তন উপাচার্য নিখিলেশ রায়, জলপাইগুড়ির (Jalpaiguri) সাংসদ জয়ন্তকুমার রায়, পদ্মশ্রী সম্মান প্রাপক কবি নগেন্দ্রনাথ রায়, আরেক পদ্মশ্রী সম্মান প্রাপক প্রাক্তন উপাচার্য মহেন্দ্রনাথ রায়, প্রাক্তন অধ্যাপক গিরীন্দ্রনারায়ণ রায়, লেখক জগদীশ আসোয়ার, অধ্যাপক বিশ্বজিৎ রায় ও উপেন্দ্রনাথ বর্মন সহ আরও অনেকে নগেনের সমালোচনা করে একটি যৌথ বিবৃতি পেশ করেন।

তাঁদের বক্তব্য, রাজবংশী সমাজের পরিচয় বহনকারী কোনও কোনও ব্যক্তি সম্প্রতি দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে অসত্য, ভিত্তিহীন ও অপমানজনক মন্তব্য করেছেন। এই ধরনের বিভ্রান্তিকর মন্তব্য ইতিহাসকে বিকৃত করার শামিল এবং জাতীয় চেতনাকে আঘাত করে। বিশিষ্টজনরা আরও লিখেছেন, নেতাজি সমগ্র ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় মহানায়ক। যারা এই ধরনের বিভ্রান্তিকর ও অপমানজনক মন্তব্য করছেন, তাঁরা যেন তা প্রত্যাহার করে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন।

নগেনের অনুগামীদের উদ্দেশে বিবৃতিতে লেখা হয়েছে, কয়েকজন ব্যক্তির ব্যক্তিগত মন্তব্য বা মতামতকে কোনওভাবেই সমগ্র রাজবংশী সমাজের মতামত হিসেবে বিবেচনা করা যাবে না। রাজবংশী সমাজ দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা এবং জাতীয় ঐক্যের আদর্শে বিশ্বাসী। নেতাজির প্রতি গভীর শ্রদ্ধা রাজবংশী সমাজেরও ঐতিহ্যের অংশ। নিখিলেশ বলেন, ‘নগেন রায় বারবার বিতর্কিত মন্তব্য করছেন। সেই মন্তব্যের জন্য কেউ কেউ গোটা রাজবংশী সমাজকে দোষী করছেন। দুটিই দোষের। নগেন রায়ের বক্তব্য তাঁর নিজস্ব, সেটা কখনোই রাজবংশী সমাজের বক্তব্য নয়।’ নগেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিল ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা কমিটি। এবার তাঁর বিরুদ্ধে খড়িবাড়ি থানায় নালিশ জানালেন ফরওয়ার্ড ব্লকের দার্জিলিং জেলা কমিটির সভাপতি করুণাময় চৌধুরী। তিনি বলেন, ‘নেতাজির মতো একজন রাষ্ট্রনেতার সম্পর্কে নগেন রায়ের মন্তব্য বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং দেশের গৌরবময় ইতিহাস সম্পর্কে মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়ে পড়তে পারে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *