মুম্বই : দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী টাটা গ্রুপে বড়সড়ো প্রশাসনিক রদবদল। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন এন চন্দ্রশেখরন। আগামী ১৮ অগাস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা বা এজিএম। তার ঠিক আগেই এই খবর প্রকাশ্যে এল। এর প্রভাব পড়েছে শেয়ার বাজারেও।
সূত্রের খবর, টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের মেয়াদ ছিল ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে তার অনেক আগেই তিনি পদ থেকে ইস্তফা দিলেন। বিশ্লেষকদের মতে, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটার সঙ্গে মতপার্থক্য এবং শেয়ারহোল্ডারদের একাংশের সঙ্গে টানাপোড়েনের মাঝেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন চন্দ্রশেখরন। খবর প্রকাশ্যে আসতেই তার প্রভাব পড়েছে শেয়ার বাজারে। টাটা কনসালটেন্সি সার্ভিসেস (টিসিএস), টাটা স্টিল এবং টাটা পাওয়ারের মতো সংস্থার শেয়ারের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গিয়েছে।
