বহরমপুর: মোবাইল হারিয়ে যাওয়া নিয়ে মেয়ের সঙ্গে বচসা। গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হলেন প্রাক্তন অধ্যাপক মা! মুর্শিদাবাদের (Murshidabad) নতুন রমনা এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন ওই অধ্যাপক, তাঁর স্বামী ও একমাত্র সন্তানের সঙ্গে থাকতেন। সম্প্রতি মা-মেয়ের মধ্যে নানা বিষয়ে ঝামেলা লেগেই থাকতো। এদিন মেয়ে মোবাইল হারিয়ে ফেলার পর সন্ধ্যায় বাড়িতে ফিরে তাঁর মাকে সব কথা জানায়। এরপরই উভয়ের মধ্যে ঝামেলা শুরু হয়। মহিলার স্বামী মেয়েকে নতুন একটি মোবাইল কিনে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এই পর্যন্ত সব ঠিক থাকলেও এরপরই ঘটে বিপত্তি।
ওই ব্যক্তি শোবার ঘরে প্রবেশ করার কিছুক্ষণ পর দেখেন, রান্নাঘরে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা এবং ধোঁয়া বেরোচ্ছে। তিনি দেখতে পান, তাঁর স্ত্রী অগ্নিদগ্ধ হয়ে ছটফট করছেন। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
