লালবাগ: পণের দাবিতে স্ত্রীর মুখে বিষ ঢেলে দিল স্বামী! মঙ্গলবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের (Murshidabad) লালবাগ (Lalbagh) মহকুমার অন্তর্গত ভগবানগোলা (Bhagwangola) এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ছয়েক আগে বিয়ে হয়েছিল দম্পতির। বিয়ের সময় নগদ কিছু টাকা, কয়েক ভরি সোনার গয়না ও আসবাবপত্র দেওয়া হয়। তারপরও ওই ব্যক্তি মাঝেমধ্যে শ্বশুরবাড়ি থেকে নতুন ব্যবসার জন্য নগদ লাখ টাকা নিয়ে আসার জন্য মহিলাকে চাপ দিতে থাকে বলে অভিযোগ। জানা গিয়েছে, এর আগে কয়েক দফায় প্রায় দেড় লক্ষ টাকা বাবার বাড়ি থেকে এনে গৃহবধূ স্বামীর হাতে তুলে দেয়। অভিযোগ, একইভাবে ফের এক লক্ষ টাকা বাবার বাড়ি থেকে আনার জন্য গৃহবধূকে চাপ দিতে থাকে তাঁর স্বামী। কিন্তু এবার তাতে রাজি হননি মহিলা। এতেই ক্ষুব্ধ হয়ে ওই ব্যক্তি স্ত্রীর হাত বেঁধে কীটনাশক মুখে ঢেলে দেয় বলে অভিযোগ। ঘটনায় জেলা পুলিশের এক আধিকারিক বলেন, অভিযোগ এসেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
