বহরমপুর: রাজ্যের মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ (Murshidabad) সফরের প্রাক্কালে বড়সড় রাজনৈতিক অস্থিরতা জেলায়। নানা বিতর্কিত মন্তব্য ও অভিযোগের জেরে আম জনতা উন্নয়ন পার্টি কনভেনার মনিরুল ইসলামকে সোমবার দীর্ঘক্ষণ ম্যারাথন জেরা করল পুলিশ। আর এই তলবের পরেই নাটকীয়ভাবে দল ছাড়ার ঘোষণা করলেন হুমায়ুন কবিরের (Humayun Kabir) ‘ডান হাত’ বলে পরিচিত এই নেতা। সোমবারের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে।
পুলিশ সূত্রে খবর, প্রশাসন ও আইন-শৃঙ্খলা নিয়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্য এবং একাধিক অপরাধমূলক অভিযোগের ভিত্তিতে মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য বহরমপুর থানায় তলব করা হয়। সোমবার সকাল থেকে টানা কয়েক ঘণ্টা ধরে তাঁকে জেরা করেন তদন্তকারী অফিসাররা। ঘটনার জেরে সকাল থেকেই রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।
জিজ্ঞাসাবাদ শেষে থানায় বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মনিরুল ইসলাম এক আজব দাবি করেন। তিনি সাফ জানিয়ে দেন, তিনি আর ‘আম জনতা উন্নয়ন পার্টি’র সঙ্গে যুক্ত নন। ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি এখন দলের কেও নই। দল ছেড়ে দিয়েছি। দল ছাড়ার কারণ হচ্ছে, আমি সুস্থ মানুষ হিসেবে মনে করেছি যে, এই দলটা করা যাবে না। কারণ আমরা যেকোনো মানুষ যখন দল করি, সেই দলের একটা লক্ষ্য আর উদ্দেশ্য থাকে। তা আমি এই লক্ষ্য উদ্দেশ্য আমি কিছু খুঁজে পাচ্ছিনা। আমার কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই।”
পুলিশি জেরার বিষয়ে মনিরুল জানান, পুলিশ যা যা প্রশ্ন করেছে, তিনি তার যথাযথ উত্তর দিয়েছেন। তদন্তে তিনি সম্পূর্ণ সহযোগিতা করেছেন এবং ভবিষ্যতে ডাকলে ফের হাজিরা দেবেন বলে জানিয়েছেন।

