উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মুম্বইয়ের (Mumbai) লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য সংরক্ষিত কামরায় বসাকে কেন্দ্র করে বচসার পর চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হল ৬২ বছরের এক যাত্রীর। বৃহস্পতিবার দুপুরে মাহিম ও বান্দ্রার মাঝামাঝি এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় ৪৮ বছরের এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ (Railway Police)।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চার্চগেট-বোরিভলি লোকালের ‘দিব্যাঙ্গজন’ (Divyangjan) কামরায় সফর করছিলেন ওই ৬২ বছরের যাত্রী। কামরায় বসার জায়গা নিয়ে তাঁর সঙ্গে অন্য এক যাত্রীর কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই বচসা ক্রমে হাতাহাতিতে গড়ায়। এরপরই চলন্ত ট্রেন থেকে ওই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় বলে পুলিশের প্রাথমিক অনুমান।
ট্রেন থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। দুপুর ২টা ৪৫ মিনিট নাগাদ তাঁকে বান্দ্রা পশ্চিমের ভাভা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে বাঁচানোর চেষ্টা করলেও পরে তাঁর মৃত্যু হয়।
ঘটনার তদন্তে নেমে আমজাদ সফরুদ্দিন শেখ নামে ৪৮ বছরের এক ব্যক্তিকে আটক করেছে রেল পুলিশ। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারীদের কাছে জেরার সময় অভিযুক্ত যে ব্যাখ্যা দিয়েছেন, তা নিয়েও তৈরি হয়েছে চাঞ্চল্য। পুলিশের দাবি, শেখ জানিয়েছেন, কামরার ভিতরে একটি কাক ঢুকে পড়েছিল। সেটিকে তাড়ানোর চেষ্টা করার সময় অসাবধানতাবশত ওই যাত্রীর গায়ে ধাক্কা লাগে এবং তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান।তবে এটি নিছক দুর্ঘটনা, নাকি বচসার জেরেই ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়া হয়েছিল—তা খতিয়ে দেখছে রেল পুলিশ।

