উত্তরবঙ্গ ডিজিটাল ডেস্ক ডিজিটাল: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির শেষকৃত্যে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই শেষকৃত্যে হাজারো মানুষের উপস্থিতিতে তিনি ঘোষণা করেন, হাদি চিরদিন বাংলাদেশের মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন এবং তাঁর আদর্শই হবে আগামীর পাথেয়।
ইউনূস বলেন, “প্রিয় ওসমান হাদি, আমরা তোমাকে বিদায় দিতে আসিনি। তুমি আমাদের হৃদয়ে আছ। যতদিন বাংলাদেশ থাকবে, তুমি এই জাতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে।” তিনি আরও জানান,মানুষের মনে কষ্ট না দিয়ে কীভাবে নিজের বক্তব্য তুলে ধরতে হয়, হাদি তা শিখিয়ে গেছেন। হাদির দেওয়া ‘চির উন্নত মম শির’ মন্ত্রকে ধারণ করেই নাকি বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। হাদির আদর্শ অনুসরণ করে দেশের রাজনৈতিক সংস্কৃতিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা।
এদিকে, পরবর্তীতে এক সমাবেশে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সহকর্মী আবদুল্লাহ আল জাবের সরকারের প্রতি তীব্র হুঁশিয়ারি দিয়ে জানান, গত এক সপ্তাহেও খুনিরা গ্রেপ্তার হয়নি। তিনি সরকারের কাছে একটি ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে বলেন,“আগামী ২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদির খুনিদের গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা সরকারকে প্রকাশ্যে জানাতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
