Mohanlal | ভারতীয় সিনেমায় অনন্য অবদানের স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মেগাস্টার মোহনলাল

Mohanlal | ভারতীয় সিনেমায় অনন্য অবদানের স্বীকৃতি, দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মেগাস্টার মোহনলাল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারতীয় সিনেমার ইতিহাসে আরও একটি অধ্যায় যুক্ত হল। অনবদ্য অভিনয় এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুগ্ধ করে আসার স্বীকৃতি হিসেবে এবার দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হচ্ছেন দক্ষিণী চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মোহনলাল। শনিবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এই ঘোষণা করা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্ত, সহকর্মী এবং অনুরাগীরা কার্যত খুশির জোয়ারে ভাসছেন।

মালয়ালম সিনেমার এই মেগাস্টার তাঁর অভিনয় ক্যারিয়ারে ৩৫০ টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। শুধু মালয়ালম নয়, তামিল, তেলেগু, কন্নড় এবং হিন্দি সিনেমায়ও তিনি নিজের প্রতিভা প্রমাণ করেছেন। তাঁর এই দীর্ঘ এবং সফল অভিনয় জীবন প্রায় দুই প্রজন্ম ধরে নতুন শিল্পীদের অনুপ্রেরণা জুগিয়ে আসছে।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক তাঁদের এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, “মোহনলালের অসাধারণ অভিনয় সফর দুই প্রজন্ম ধরে সকলকে অনুপ্রাণিত করে আসছে। ভারতীয় সিনেমায় তাঁর প্রশংসনীয় অবদানের জন্য কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজককে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হচ্ছে।” আগামী ২৩ সেপ্টেম্বর ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে।

এই ঘোষণার পর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মোহনলালকে শুভেচ্ছা জানিয়েছেন। নিজের এক্স হ্যান্ডেলে মোহনলালের সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে তিনি লিখেছেন, “মোহনলাল একজন বহুমুখী প্রতিভার অধিকারী। বিগত কয়েক দশক ধরে নিজের কাজের মাধ্যমে তিনি দর্শককে সমৃদ্ধ করেছেন। মালয়ালম সিনেমার পাশাপাশি তেলেগু, তামিল, কন্নড় এবং হিন্দি ছবিতেও তিনি অসাধারণ অভিনয় করেছেন। কেরালার সংস্কৃতির প্রতিও তাঁর গভীর অনুরাগ। বিভিন্ন মাধ্যমে তাঁর এই অভিনয় প্রতিভা সত্যিই অনুপ্রেরণা জোগায়।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *