উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ঝাড়খণ্ডে মুর্শিদাবাদের বেলডাঙার (Beldanga) পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখের (Migrant Employee Loss of life) রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে উঠল জেলা। উত্তেজিত জনতা দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ১২ নম্বর জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করে রাখলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে শেষে মৃত শ্রমিকের পরিবারকে চাকরি ও আর্থিক সাহায্যের ঘোষণা করল জেলা প্রশাসন।
ঘটনার প্রেক্ষাপট: ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতে যাওয়া আলাউদ্দিন শেখের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর ভাড়াবাড়ি থেকে। পরিবারের অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ায় তাঁকে নৃশংসভাবে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এই খবর বেলডাঙায় পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয়রা। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি ও ট্রাফিক কিয়স্কে। ইটের ঘায়ে জখম হন অন্তত ১২ জন।
প্রশাসনের পদক্ষেপ: ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন জেলাশাসক নিতিন সিংহানিয়া। তিনি ঘোষণা করেন, শুক্রবার রাতের মধ্যেই পরিবারকে আর্থিক সাহায্য এবং পরিবারের একজনকে চাকরি দেওয়া হবে। এছাড়া জেলায় পরিযায়ী শ্রমিকদের জন্য ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম চালু এবং বিশেষ নজরদারি দল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাধারণ মানুষকে শান্ত থাকার ও প্ররোচনায় পা না দেওয়ার অনুরোধ করেছেন।
