উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র মাথাব্যথা বা মাইগ্রেনের যন্ত্রণা যাঁর হয়, তিনিই বোঝেন এর কষ্ট। ঘণ্টার পর ঘণ্টা অন্ধকার ঘরে শুয়ে থেকেও অনেক সময় রেহাই মেলে না। তবে ঘরোয়া উপায়েই এই যন্ত্রণার উপশম সম্ভব। সাম্প্রতিক গবেষণা ও আয়ুর্বেদ বলছে, রান্নার স্বাদ বাড়ানো কালোজিরে হতে পারে মাইগ্রেনের অব্যর্থ দাওয়াই (Migraine Aid)।
কেন কালোজিরে কার্যকর?
কালোজিরের তেলের প্রধান উপাদান হল থাইমোকুইনোন। এটি একটি শক্তিশালী প্রদাহনাশক উপাদান, যা মস্তিষ্কের স্নায়ুর প্রদাহ কমিয়ে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। মানসিক চাপ বা সাইনাসের কারণে হওয়া মাথাব্যথাতেও এই তেল দারুণ কাজ করে।
বাড়িতেই তৈরি করুন তেল
এক কাপ নারকেল, তিল বা অলিভ অয়েলের সঙ্গে এক কাপ কালোজিরে মিশিয়ে কড়াইতে হালকা আঁচে ৩-৪ মিনিট ফুটিয়ে নিন। তেল কালচে হয়ে এলে ছেঁকে কাচের শিশিতে ভরে রাখুন। এছাড়া গুঁড়ো কালোজিরে তেলের সঙ্গে মিশিয়ে কয়েক দিন রোদে দিয়েও এই তেল তৈরি করা যায়।
কীভাবে ব্যবহার করবেন?
দ্রুত আরাম পেতে তিনটি পদ্ধতিতে এই তেল মাখা যেতে পারে:
তিলের তেল ও কালোজিরে: সমপরিমাণ কালোজিরের তেল ও তিল তেল হালকা গরম করে ঘাড় ও মাথায় মালিশ করলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং সাইনাসের ব্যথা কমে।
লেবুর রস ও কালোজিরে: হঠাৎ তীব্র ব্যথা শুরু হলে এক চামচ তেলের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে কপালে ঘষলে দ্রুত আরাম মেলে।
পুদিনা ও কালোজিরে: ২ চামচ কালোজিরের তেলের সঙ্গে কয়েক ফোঁটা পুদিনার তেল মিশিয়ে কপালে মালিশ করলে পেশির টান কমে।
ওষুধের বিকল্প হিসেবে নয়, বরং তাৎক্ষণিক উপশম ও দীর্ঘমেয়াদী স্বস্তির জন্য প্রাকৃতিকভাবে তৈরি এই কালোজিরের তেল আপনার নিত্যসঙ্গী হতেই পারে।
