উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: স্কুলের মিড-ডে মিল খেতেই বিপত্তি (Mid-Day Meal)। ডালে নুন কম হওয়ায় একটু নুন চেয়েছিল খুদে পড়ুয়ারা। কিন্তু অসাবধানতার চরম নজির গড়ে তাদের পাতে নুনের বদলে তুলে দেওয়া হল গুঁড়ো সাবান (Detergent Powder)। বিষাক্ত সেই খাবার মুখে তুলতেই একে একে পড়ুয়াদের শুরু হয় পেটের যন্ত্রণা ও বমি। বিহারের (Bihar) নালন্দা জেলার নুরসরাই থানা এলাকার পারসি মিডল স্কুলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে অন্তত ৪০ জন পড়ুয়া।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার দুপুরে। জানা গিয়েছে, অন্য একটি স্কুল থেকে এই মিড-ডে মিলের সয়াবিনের সবজি ও খাবার সরবরাহ করা হয়েছিল। খাবারের স্বাদ বাড়াতে নুন চাইলে ভুলবশত পড়ুয়াদের পাতে গুঁড়ো সাবান দিয়ে দেন দায়িত্বে থাকা কর্মীরা। খাবারের সঙ্গে ওই ক্ষতিকারক পাউডার পেটে যেতেই দ্রুত অসুস্থ হয়ে পড়ে শিশুরা। পরপর বহু পড়ুয়া পেটের মারাত্মক যন্ত্রণা ও বমি করতে শুরু করলে এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়।
পরিস্থিতি আশঙ্কাজনক দেখে তড়িঘড়ি সমস্ত অসুস্থ পড়ুয়াকে উদ্ধার করে বিহার শরিফ মডেল হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে হাসপাতালে ভিড় জমান আতঙ্কিত অভিভাবকেরা। নালন্দার সিভিল সার্জন ডঃ জয় প্রকাশ সিং জানান, চিকিৎসকদের একটি বিশেষ দল পড়ুয়াদের পর্যবেক্ষণে রেখেছে এবং আপাতত সব পড়ুয়াই বিপদমুক্ত ও চিকিৎসাধীন।
ঘটনার খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান বিহারের গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে পড়ুয়াদের সুচিকিৎসার নির্দেশ দেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী স্পষ্ট জানান, স্কুলের মতো সংবেদনশীল জায়গায় রান্নাবান্না ও খাবার পরিবেশনে এই ধরনের মারাত্মক গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। কেন এবং কার গাফিলতিতে খাদ্যসামগ্রীর পাশে গুঁড়ো সাবান রাখা হয়েছিল, তার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। তবে এই ঘটনায় ফের একবার মিড-ডে মিলের খাবার তৈরির ন্যূনতম নজরদারি ও গুণমান নিয়ে উঠছে বড়সড়ো প্রশ্ন।

