উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অপরিশোধিত ইস্পাত উৎপাদনকারী দেশ ভারত। অথচ চিনা পণ্যের দাপটে কোণঠাসা হতে হচ্ছিল ভারতীয় ইস্পাত নির্মাতাদের। দেশীয় বাজারকে এই অসম প্রতিযোগিতা থেকে রক্ষা করতে এবার পদক্ষেপ করল কেন্দ্র সরকার। মঙ্গলবার ইস্পাত পণ্যের আমদানির ওপর আগামী তিন বছরের জন্য শুল্ক (Metal Tariffs) আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি।
কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে:
শুল্কের পরিমাণ: প্রথম পর্যায়ে ১২ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে, যা তিন বছরের মেয়াদে ধাপে ধাপে কমে ১১ শতাংশে নামবে।
লক্ষ্যবস্তু: এই শুল্ক মূলত চিন, ভিয়েতনাম (Vietnam) এবং নেপালের (Nepal) ওপর প্রযোজ্য হবে। তবে স্টেইনলেস স্টিলের মতো বিশেষ কিছু পণ্য এবং কিছু নির্দিষ্ট উন্নয়নশীল দেশকে এই শুল্কের আওতা থেকে ছাড় দেওয়া হয়েছে।
বিগত পদক্ষেপ: এর আগে গত এপ্রিল মাসে পরীক্ষামূলকভাবে ২০০ দিনের জন্য ১২ শতাংশ শুল্ক বসানো হয়েছিল। এবার দীর্ঘমেয়াদী পথে হাঁটল দিল্লি।
কেন্দ্রের এমন সিদ্ধান্তের নেপথ্যে চিন (China)। প্রতি বছরই সেখান থেকে সস্তার ইস্পাত পণ্য দেশীয় বাজার ছেয়ে ফেলছে। দাম কম হওয়ায় উন্নতমানের না হওয়া সত্ত্বেও এর বিক্রি বেশি। এতে দেশীয় বাজার মার খেয়ে চলেছে। তাই বাজারকে রক্ষা করতে এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
