উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: যুবভারতী ক্রীড়াঙ্গনে লিয়োনেল মেসির অনুষ্ঠানকে (Lionel Messi Kolkata Go to) কেন্দ্র করে তৈরি হওয়া চরম বিশৃঙ্খলা এবং দর্শকদের ক্ষোভ এখন আইনি লড়াইয়ের পথে। হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটেও প্রিয় তারকাকে কাছ থেকে দেখতে না পেয়ে যে জনরোষ তৈরি হয়েছিল, তার রেশ পৌঁছেছে আদালতে। বৃহস্পতিবার বিধাননগর মহকুমা আদালতে টিকিটের টাকা ফেরত (Messi occasion ticket refund) সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা থাকলেও বিচারক অনুপস্থিত থাকায় তা পিছিয়ে গিয়েছে। মামলার পরবর্তী দিন ধার্য হয়েছে আগামী ২ ফেব্রুয়ারি।
টাকা ফেরতের দাবিতে পুলিশের মামলা: মেসির ভারত সফরের আয়োজক শতদ্রু দত্তর বিরুদ্ধে শুরু থেকেই অসহযোগিতা ও অব্যবস্থার অভিযোগ উঠেছে। এমনকি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারও (Rajeev Kumar DG) প্রকাশ্যে সওয়াল করেছিলেন যে, দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া উচিত। টাকা ফেরত না দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিল পুলিশ। সেই রেশ ধরেই বিধাননগর পুলিশ আদালতের দ্বারস্থ হয় যাতে দর্শকদের টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা করা যায়।
আইনজীবীর যুক্তি ও সাংবিধানিক প্রশ্ন: এদিন আদালতে শতদ্রু দত্তর আইনজীবী সৌম্যদীপ রাহা পুলিশের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন। তাঁর দাবি, এই আবেদন সম্পূর্ণ ‘অসাংবিধানিক’। তিনি যুক্তি দেন, পুলিশ এখনও এই মামলায় চার্জশিট পেশ করেনি এবং তাঁর মক্কেলকে আদালত দোষী সাব্যস্ত করেনি। এমতাবস্থায় শতদ্রুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে সেখান থেকে টাকা বিলি করার দাবি আইনত ভিত্তিহীন। টিকিট বিক্রয় বৈধ প্রক্রিয়া ছিল, তাই সেই অর্থকে বেআইনি বলা যায় না। এই মর্মে মামলাটি খারিজ করার আবেদন জানান তিনি।
উল্লেখ্য, মেসির সফরের দিন মাঠে বিশৃঙ্খলা ও ভাঙচুরের অভিযোগে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছিল শতদ্রু দত্তকে (Shatadru Dutta Arrest)। দীর্ঘ ৩৭ দিন জেল হেপাজতে থাকার পর গত ১৯ জানুয়ারি ১০ হাজার টাকার বন্ডে অন্তর্বর্তী জামিন পান তিনি। এখন দেখার, ২ ফেব্রুয়ারির শুনানিতে আদালত দর্শকদের হাহাকার মেটাতে কী নির্দেশ দেয়।
