উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সোমবার সেই মাহেন্দ্রক্ষণ। অসম, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফল (Meeting Election Outcomes 2026) ঘোষণার দিন। মাসের পর মাস প্রচারের রণডঙ্কা, অভিযোগ-পাল্টা অভিযোগ আর দীর্ঘ ভোটগ্রহণ প্রক্রিয়ার পর আজ ভাগ্যনির্ধারণ হবে শত শত প্রার্থীর। বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল ইতিমধ্য়েই একটি ইঙ্গিত দিয়েছে, তবে জনতা জনার্দনের আসল রায় কী, তা স্পষ্ট হবে আজকের হাই-ভোল্টেজ সোমবারেই।
কারা পশ্চিমবঙ্গে (West Bengal Meeting Election Outcomes 2026) সরকার গড়তে চলেছে, তৃণমূলের উপরেই রাজ্যের মানুষ আস্থা রেখেছে, না বিজেপি পদ্ম ফোটাতে চলেছে, তা জানতে এ রাজ্যের ভোটের ফলের দিকে তাকিয়ে গোটা দেশ। ২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে। তাই সোমবার ফলতা বাদে বাকি কেন্দ্রগুলির ভোটগণনা।
উত্তর-পূর্বের প্রবেশদ্বার অসমে (Assam Meeting Election Outcomes 2026) লড়াই এবার সরাসরি বিজেপি বনাম কংগ্রেসের। হিমন্ত বিশ্ব শর্মার গদি বাঁচাতে মরিয়া এনডিএ জোট, অন্যদিকে তাঁকে চ্যালেঞ্জ জানাচ্ছেন কংগ্রেসের তরুণ তুর্কি গৌরব গগৈ। এক্সিট পোল বলছে, অসমে বিজেপি নেতৃত্বাধীন জোটের ফেরার সম্ভাবনা প্রবল। তবে গৌরব গগৈয়ের নেতৃত্বে কংগ্রেস কোনো বড় অঘটন ঘটাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
দক্ষিণের এই রাজ্যে লড়াই এবার ত্রিমুখী। একদিকে স্ট্যালিনের ডিএমকে জোট, অন্যদিকে এআইএডিএমকে। কিন্তু সবাইকে চমকে দিয়ে আলোচনার কেন্দ্রে অভিনেতা বিজয়ের দল ‘টিভিকে’। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ১৯৭৭-এ এমজি রামচন্দ্রনের রেকর্ড ভেঙে দিয়ে বিজয় ৯৮ থেকে ১২০টি আসন দখল করতে পারেন। যদি এই পূর্বাভাস সত্যি হয়, তবে তামিল (Tamil Nadu Meeting Election Outcomes 2026) রাজনীতির সমীকরণ আমূল বদলে যাবে।
দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর কেরলে পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন এলডিএফ কি ব্যাকফুটে? সমীক্ষা বলছে, ১৪০ আসনের কেরলে (Kerala Meeting Election Outcomes 2026) এবার বাজিমাত করতে পারে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৭১টি আসন, যা ইউডিএফ-এর নাগালে বলেই মনে করা হচ্ছে। তবে এলডিএফ লড়াই ছাড়তে নারাজ।
ছোট্ট কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry Meeting Election Outcomes 2026) এনডিএ জোটের ক্ষমতা ধরে রাখার ইঙ্গিত মিলেছে। ৩০ সদস্যের বিধানসভায় ১৫ থেকে ১৯টি আসন পেয়ে তারা পুনরায় সরকার গড়তে পারে বলে মনে করা হচ্ছে।
সব মিলিয়ে আজ টানটান উত্তেজনা। এক্সিট পোল মিলবে নাকি পাসা উলটে দিয়ে শেষ হাসি হাসবে অন্য কেউ? উত্তর পেতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা।
