উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অনেক সময় বাইরের খাবার খাওয়ার পরই শুরু হয় বমি, ডায়ারিয়া। এমনটা হলে বুঝতে হবে খাবার থেকে বিষক্রিয়া হয়েছে। মূলত খাবারে জন্মানো কিছু ব্যাকটিরিয়া এই বিষক্রিয়ার জন্য দায়ী। যদি বমি সহজে বন্ধ না হয়, তাহলে ওষুধ খাওয়ার পাশাপাশি ঘরোয়া কিছু টোটকাও প্রয়োগ করে দেখতে পারেন (Meals Poisoning Cures)।
জিরের জল
খাদ্যে বিষক্রিয়ার কারণে শরীরে যে প্রদাহ তৈরি হয়, তার রেশ কাটাতে পারে জিরে ভেজানো জল। এর জন্য এক গ্লাস জলে জিরে ভিজিয়ে রাখুন। সেই জল ছেঁকে গরম করে খেতে পারেন। অথবা এক গ্লাসের মতো জল নিয়ে তাতে এক চামচ জিরে দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। এই জল ছেঁকে নিয়ে খেলে উপকার হবে।
রসুন
এক গ্লাসের মতো জল একটি পাত্রে ঢেলে নিয়ে তাতে কয়েকটি রসুনের কোয়া ফেলে দিন। জল ফুটিয়ে নিন ভালো করে। তারপর ছেঁকে নিয়ে সেই জল অল্প অল্প করে খান। রসুনের অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটিরিয়াল গুণ বিষক্রিয়ার প্রভাব কাটিয়ে দেবে।
লেবুর জল
এক গ্লাস ঈষদুষ্ণ জলে অর্ধেক পাতিলেবুর রস ও এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন। এই জল খেলে বমিভাব কমবে। জল না মিশিয়েও শুধু লেবুর রসে মধু মিশিয়ে দিনে ৩-৪ বার খেলে উপকার পাবেন।
