Maxwell Hospital | শিলিগুড়িতে চিকিৎসায় নজিরবিহীন সাফল্য, ৬৮০ গ্রামের প্রিম্যাচিওর শিশুকে বাঁচিয়ে বাড়ি ফেরাল ম্যাক্সওয়েল হাসপাতাল

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এক অনন্য ও অভূতপূর্ব সাফল্যের সাক্ষী থাকল শিলিগুড়ি (Siliguri) শহর। গর্ভে মাত্র ২৫ সপ্তাহ পূর্ণ হওয়ার পর জন্ম নেওয়া মাত্র ৬৮০ গ্রাম ওজনের এক সদ্যোজাতকে সফল প্রসব করিয়ে তাক লাগিয়ে দিয়েছে ম্যাক্সওয়েল হাসপাতাল (Maxwell Hospital)। চিকিৎসক ও নার্সিং স্টাফদের অক্লান্ত পরিশ্রম এবং দীর্ঘ দুই মাস ধরে চলা কড়া নজরদারির ফলেই আজ সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে ওই শিশুটি। বিশেষ এই পরিচর্যার জেরে বর্তমানে শিশুটির শরীরের ওজন বেড়ে হয়েছে প্রায় ১ কেজি ২০০ গ্রাম। এই চিকিৎসা সাফল্যের সমস্ত দিক তুলে ধরতে এদিন হাসপাতালের পক্ষ থেকে একটি বিশেষ সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কুর রায়, ডাঃ সঞ্জিত তিওয়ারি এবং হাসপাতালের চিফ অপারেটিং অফিসার শুভদীপ মুখার্জি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডাঃ প্রিয়াঙ্কুর রায় জানান, “মাত্র ২৫ সপ্তাহে জন্ম নেওয়া ওই শিশুটিকে বাঁচিয়ে রাখা এবং সুস্থ করে তোলা আমাদের কাছে সত্যিই এক বিরাট চ্যালেঞ্জ ও বড় সাফল্য। দীর্ঘ দুই মাস হাসপাতালে বিশেষ নজরদারিতে রেখে তার ওজন ১ কেজি ২০০ গ্রাম করার পরই তাকে ছাড়া হয়েছে।” অন্যদিকে, কেসটির স্পর্শকাতরতা তুলে ধরে ডাঃ সঞ্জিত তিওয়ারি বলেন, “কেসটি অত্যন্ত সংবেদনশীল ছিল। তবে হাসপাতালের উন্নত পরিকাঠামো এবং চিকিৎসকদের সঠিক পদক্ষেপে সব বাধা সফলভাবে পার করা সম্ভব হয়েছে। প্রসবের পরেও কিছু জটিলতা দেখা দিলেও পর্যবেক্ষণের মাধ্যমে সবটাই সামাল দেওয়া হয়।”

মূলত বিহারের (Bihar) পূর্ণিয়া জেলা থেকে আসা ওই শিশুটির বাবা-মা সম্পূর্ণ অচেনা শহরে এসেও হাসপাতালের চিকিৎসাব্যবস্থা ও টিমের ওপর নিজেদের অগাধ ভরসা রেখেছিলেন। অভিভাবকদের এই আস্থার প্রতি সম্মান জানিয়ে হাসপাতালের চিফ অপারেটিং অফিসার শুভদীপ মুখার্জি বলেন, যে তারা সেই আস্থার মর্যাদা রাখতে পেরেছেন। সাংবাদিক বৈঠকে উপস্থিত আবেগপ্রবণ অভিভাবকরা চিকিৎসকদের কাজের প্রশংসা করে বলেন, “আমরা শুরু থেকেই ভীষণ ভয়ে ছিলাম। কিন্তু চিকিৎসকরা যেভাবে দিনরাত এক করে চিকিৎসা করেছেন, তাতে আমরা তাঁদের দশে দশ নম্বর দিতে চাই।” আধুনিক প্রযুক্তির সদ্ব্যবহার এবং চিকিৎসকদের ঐকান্তিক প্রচেষ্টায় ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনা গোটা উত্তরবঙ্গেই চিকিৎসার মান নিয়ে আশার আলো জুগিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *