উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশ থেকে মাওবাদীদের (Maoist) মুছে ফেলার ডাক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। এজন্য নতুন বছরের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা ধরা হয়েছে। আর সেই লক্ষ্যে মাওবাদীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ধারাবাহিক অভিযান চলছে। পাশাপাশি গত কয়েক মাসে মাওবাদীদের আত্মসমর্পণেরও (Give up) ঢল নেমেছে।
এর মধ্যেই মাওবাদীদের তরফে তিনটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখে আপাতত তাদের বিরুদ্ধে অভিযান বন্ধ রাখার আর্জি জানানো হয়েছে। ওই তিনটি রাজ্য হল মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়। মাওবাদীদের এই তিনটি রাজ্যের স্পেশাল জোনাল কমিটির নেতৃত্ব ২২ নভেম্বর চিঠিটি লিখেছেন। তাতে সই রয়েছে স্পেশাল জোনাল কমিটির মুখপাত্র অনন্তের।
গত সপ্তাহে অন্ধ্রপ্রদেশে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক শীর্ষ মাওবাদী নেতা মাডবী হিডমা নিহত হন। তার তিনদিন পরে মাওবাদীদের এমন অনুরোধ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
গত মাসে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীসের কাছে আত্মসমর্পণ করেন তৎকালীন মাওবাদীদের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্য মল্লজুলা বেনুগোপাল রাও ওরফে সোনু। অনন্তের লেখা চিঠিতে সেই সোনুর উল্লেখও রয়েছে। তিনি ওই চিঠিতে লিখেছেন, ‘দেশ তথা বিশ্বের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরো অস্ত্রসমর্পণ করে সশস্ত্র সংগ্রাম সাময়িক ভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা এমএমসি’র সদস্যরা অস্ত্রসমর্পণ করে সরকারি পুনর্বাসন প্রক্রিয়ায় যোগ দিতে চাই। এজন্য আমাদের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হোক।’
অনন্ত চিঠিতে জানিয়েছেন, তারা গণতান্ত্রিক কেন্দ্রিকতায় বিশ্বাস করেন। তাই সংগঠনের প্রতিটি শাখার সঙ্গে পরামর্শ করা বাধ্যতামূলক। ঐক্যবদ্ধ ভাবে আত্মসমর্পণের এই সিদ্ধান্তে পৌঁছোতে তাদের কিছুটা সময় লাগবে। তাই অন্য সদস্যদের সঙ্গে পরামর্শ করে তাদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই সময়টাকু দরকার।
