পারডুবি: লাগাতার বৃষ্টির (Rain Alert) জেরে ফের ভয়াবহ রূপ নিয়েছে মানসাই নদী (Mansai River)। জলের তোড়ে মাথাভাঙ্গা (Mathabhanga) ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। ইতিমধ্যে খাটেরবাড়ি ও বরাইবাড়ি এলাকার বহু পরিবার জলবন্দি হয়ে পড়েছেন।
রবিবার সকাল থেকেই মানসাই নদীর জলস্তর হু-হু করে বাড়তে শুরু করে। নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছানোয় খাটেরবাড়ি এলাকার ১১৮ নম্বর বুথ, দক্ষিণ বরাইবাড়ির লালনপাড়া এবং বরাইবাড়ির একাধিক গ্রামে জল ঢুকে পড়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্তত ২৫ থেকে ৩০টি বাড়ি পুরোপুরি জলমগ্ন হয়ে পড়েছে। টানা বৃষ্টির কারণে নদী বাঁধের আশপাশ দিয়ে জল লোকালয়ে ঢুকে পড়ায় জনজীবন বিপর্যস্ত।
স্থানীয় বাসিন্দা কার্তিক মণ্ডল জানান, শনিবার রাত থেকেই টানা বৃষ্টির ফলে মানসাই নদীর জল দ্রুত বাড়তে শুরু করে। এরপর নদীর জল গ্রামে ঢুকে পড়ে এবং একের পর এক বাড়ি প্লাবিত হয়। বাড়িঘরে জল ঢুকে পড়ায় মানুষের জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বহু পরিবারকে জলবন্দি অবস্থায় দিন কাটাতে হচ্ছে। বাড়িঘরে জল ঢুকে পড়ায় প্রয়োজনীয় সামগ্রী বাঁচাতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। জলের স্তর আরও বাড়লে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
পরিস্থিতি নিয়ে পারডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধান অক্ষয় বর্মন জানান, ঘটনার কথা ইতিমধ্যেই ব্লক প্রশাসন এবং সেচ দফতরকে জানানো হয়েছে। প্রশাসনের আধিকারিকরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছেন। পরিস্থিতির প্রয়োজনে দ্রুত ত্রাণ ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়দের দাবি, দ্রুত নদী বাঁধ মেরামত এবং ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ শিবিরের ব্যবস্থা করা হোক। সময়মতো প্রশাসনিক হস্তক্ষেপ না হলে এলাকাগুলো আরও বড় বিপদের মুখে পড়তে পারে।

