Manipur Unrest | মণিপুরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা, গাড়ি পুড়িয়ে তাণ্ডব উন্মত্ত জনতার!

Manipur Unrest | মণিপুরে অসম রাইফেলসের ক্যাম্পে হামলা, গাড়ি পুড়িয়ে তাণ্ডব উন্মত্ত জনতার!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : তল্লাশি অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই রণক্ষেত্রের চেহারা নিল মণিপুরের সেনাপতি শহর। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে সেনাপতি শহরের অসম রাইফেলসের ‘কোম্পানি অপারেটিং বেস’ (COB) লক্ষ্য করে ব্যাপক পাথরবৃষ্টি, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় বাহিনী। এই উত্তেজনার মধ্যেই মণিপুরের বিভিন্ন প্রান্তে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী।

প্রতিরক্ষা মন্ত্রকের জনসংযোগ আধিকারিক (Defence PRO) জানিয়েছেন, ওকলং-এর এনএসসিএন (আইএম) শিবিরের কাছে মাকুইলংডি এলাকায় অস্ত্রধারী ক্যাডারদের গতিবিধির খবর পেয়ে অসম রাইফেলস টহলদারি ও তল্লাশি অভিযান শুরু করেছিল। সেনাদল গ্রামে পৌঁছোলে মহিলারা সহ স্থানীয় বাসিন্দারা বাধা দেন। সংঘাত এড়াতে বাহিনী সংযম দেখায় এবং স্থানীয় প্রতিনিধিদের আশ্বস্ত করে পিছু হটে।

কিন্তু এর পরেই সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বার্তা ছড়িয়ে পড়ে যে, ওকলং গ্রামে এনএসসিএন (আইএম)-এর ‘হুথ্রং ব্রিগেড সদর দফতর’-এর সঙ্গে অসম রাইফেলসের সংঘর্ষ বেধেছে। এই গুজবের জেরেই সেনাপতি শহরের ট্রাফিক পয়েন্টে হাজার হাজার মানুষ জড়ো হন। রাত সাড়ে ৯টা নাগাদ উত্তেজিত জনতা অসম রাইফেলসের ক্যাম্পে চড়াও হয়ে পাথর ছুড়তে শুরু করে। বাহিনীর একটি হালকা গাড়ি ও গেটের বাইরের একটি ছোট গাড়ি ও ওয়েটিং শেড জ্বালিয়ে দেওয়া হয়। দুটি ট্রাক উলটে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শূন্যে গুলি ও কাঁদানে গ্যাস ছোঁড়ে সেনা। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং কোনও হতাহতের খবর মেলেনি।

এদিকে, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং চূড়াচাঁদপুর জেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার সকালে ইশোক মামাং লিকাই এলাকায় হানা দিয়ে অস্ত্র উদ্ধার করে পুলিশ ও ৩৩ নম্বর অসম রাইফেলসের যৌথ দল। মঙ্গলবার গোথল গ্রামের জঙ্গল থেকে একটি ইনসাস (INSAS) রাইফেল, একটি দেশি ওয়ান-ব্যারেল বন্দুক, ৫টি হ্যান্ড গ্রেনেড, ২৫টি খালি খোকা, ৯ রাউন্ড তাজা কার্তুজ, দুটি ৯ এমএম ম্যাগাজিন, তিনটি ওয়্যারলেস সেট এবং হেলমেট-সহ সামরিক সরঞ্জাম উদ্ধার হয়। এছাড়া কে থেনজাং গ্রামের জঙ্গল থেকে একটি একে (AK) রাইফেল, একটি পিস্তল, দুটি দেশি পিস্তল, ৫টি আইইডি (IED), পিইকে বিস্ফোরক এবং ৪টি মোবাইল সেট উদ্ধার হয়েছে।

উয়ুমপোক মামাং লিকাই এলাকা থেকে ৪২ বছর বয়সি সানাসাম ইবোচা ওরফে আবোচা সিং নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর ঘর থেকে একটি একে-৫৬ রাইফেল, একটি ৩২ পিস্তল এবং ২৭ রাউন্ড একে-৫৬-র তাজা গুলি বাজেয়াপ্ত করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *