প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: চাকরির প্রলোভন দেখিয়ে বিজেপি বুথ সভাপতির ছেলের কাছ থেকে ২ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ (Bribe) উঠল এক বিজেপি নেতার বিরুদ্ধে (BJP Chief)। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার (Mangalkote) ভাল্যগ্রাম অঞ্চলের লক্ষ্মীপুর গ্রামের এই ঘটনায় জেলার রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারিত তরুণ এ্যালিস চট্টরাজের বাবা বিমল চট্টরাজ স্থানীয় ১০৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। পরিবারের অভিযোগ, প্রায় এক বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে (পিএইচই) পাম্প অপারেটরের চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ১ নম্বর মণ্ডলের তৎকালীন সাধারণ সম্পাদক সৌমেন মুখোপাধ্যায় তাঁদের কাছ থেকে নগদ ২ লক্ষ টাকা নেন। দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না মেলায় এবং দফায় দফায় টাকা ফেরত চেয়েও না পেয়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণ। তাঁর দাবি, টাকা লেনদেনের একাধিক প্রমাণও তাঁদের হাতে রয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মঙ্গলকোট ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি মন্দিরা চট্টরাজ জানান, দলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা এই দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা মেলায় তাঁকে ইতিমধ্যেই দলীয় পদ থেকে সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি পুলিশও বিষয়টি নিয়ে নিজস্ব তদন্ত শুরু করেছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিজেপি নেতা সৌমেন মুখোপাধ্যায় দাবি করেছেন, তিনি ওই টাকা চাকরি দেওয়ার নাম করে নেননি, বরং ব্যক্তিগতভাবে ধার হিসেবে নিয়েছিলেন এবং তা শীঘ্রই ফিরিয়ে দেবেন। তাঁর আরও দাবি, তাঁকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং ফাঁসাতে এই মিথ্যা চক্রান্ত করা হচ্ছে। এই ঘটনা বর্তমানে পূর্ব বর্ধমানের গেরুয়া শিবিরের অন্দরে বড়সড়ো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

