উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সন্ধ্যের আড্ডায় শিঙাড়া, চপ বা তেলেভাজার গন্ধ নাকলেই জিভে জল চলে আসে। স্বাস্থ্যকর নয় জেনেও এই লোভ সামলানো অনেকের পক্ষেই কঠিন হয়ে দাঁড়ায়। তবে একটু সচেতনতা এবং সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এই অভ্যাসে সহজেই ইতি টানা সম্ভব (Management Night Cravings)।
পুষ্টিবিদদের মতে, খাদ্যতালিকা থেকে হঠাৎ করে প্রিয় খাবার পুরোপুরি বাদ দিলে সেটির প্রতি আগ্রহ আরও বেড়ে যায়। তাই জোর করে বাদ না দিয়ে, খাবারে বদল আনা জরুরি। শিঙাড়া বা চপের পরিবর্তে খাদ্যতালিকায় রাখতে পারেন ছোলামাখা, বাদামমাখা, ধোকলা বা সেদ্ধ ভুট্টার মতো সুস্বাদু ও স্বাস্থ্যকর বিকল্প।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বিকেল বা সন্ধ্যার দিকে অস্বাস্থ্যকর খাবারের প্রবণতা সবচেয়ে বেশি দেখা যায়। তাই সকালের জলখাবার এবং দুপুরের খাবারে ফাইবার ও প্রোটিন সমৃদ্ধ খাবার রাখা প্রয়োজন। পরিমিত ও নির্দিষ্ট সময়ে খাবার খেলে বিকেলবেলা অতিরিক্ত খিদে পাওয়ার সম্ভাবনা কমে যায় এবং লোভও সহজে এড়ানো যায়।
এছাড়া, মন যখনই ‘খাই খাই’ করবে, তখন আড্ডা, গান শোনা কিংবা পছন্দের অন্য কোনও কাজে মন দিতে পারেন। এই সময়ে এক কাপ চা বা কফিতে চুমুক দিলেও মন ফুরফুরে থাকে। চিকিৎসকদের মতে, ঘুমের অভাব, মানসিক চাপ বা অবসাদের কারণেও অনেক সময় অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি হয়। তাই পর্যাপ্ত ঘুম এবং নিয়মিত প্রাণায়াম বা যোগব্যায়াম মানসিক চাপ কমাতে বিশেষ সাহায্য করে।
প্রতিবার বাইরের অস্বাস্থ্যকর খাবার খাওয়ার আগে মাত্র দুই থেকে তিন সেকেন্ড থেমে সেটির পরিণতির কথা ভাবুন। আত্মসচেতনতাই এই সমস্যার একমাত্র এবং মোক্ষম সমাধান।

