কলকাতা: উৎসবের আঙিনাতেও রাজনীতির উত্তাপ। কলকাতা বইমেলার (Kolkata Ebook Honest) উদ্বোধনী মঞ্চকে হাতিয়ার করে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on SIR)। শুধু মৌখিক প্রতিবাদ নয়, এই ‘অমানবিক’ প্রক্রিয়ার বিরুদ্ধে কলমও ধরেছেন তিনি। ২০২৬ সালকে মাথায় রেখে SIR-এর জেরে সাধারণ মানুষের হয়রানির প্রতিবাদে ২৬টি কবিতা লিখেছেন মুখ্যমন্ত্রী, যা এবারের বইমেলায় প্রকাশিত হতে চলেছে।
নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে কবি জয় গোস্বামীর মতো বিশিষ্টজনেদের শুনানি প্রক্রিয়ায় হাজিরা দেওয়ার নোটিশ পাঠানোয় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “আগে জনগণ নির্ধারণ করত কে ক্ষমতায় আসবে, এখন কমিশন আগেই ঠিক করে দিচ্ছে।” তাঁর অভিযোগ, এই প্রক্রিয়ার মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে মমতা বলেন, “আমার ঘরে আগুন না লাগলেও, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আমি চুপ থাকতে পারি না।”
রাজনীতির পাশাপাশি এদিন সংস্কৃতির প্রসারেও বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর কলকাতা বইমেলা ৫০ বছরে পা দেবে। তার আগেই যাতে শহরে একটি স্থায়ী ‘বইতীর্থ’ গড়ে তোলা যায়, তার জন্য পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকারের তরফে ১০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করেন তিনি। এবারের মেলায় মুখ্যমন্ত্রীর নিজের লেখা ৯টি নতুন বই প্রকাশিত হচ্ছে বলেও তিনি জানান।
