Malda Information | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক

Malda Information | মৌসমকে সামনে রেখেই মালদায় ঘুরে দাঁড়ানোর ছক কংগ্রেসের, বিমানবন্দর ইস্যুতে ৩১ জানুয়ারি বড় আন্দোলনের ডাক

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জসিমুদ্দিন আহম্মদ, মালদা: চলতি মাসে মৌসম বেনজির নুরের (Mausam Noor) প্রত্যাবর্তনের পর থেকেই কংগ্রেস বলে আসছিল তাঁকে সামনে রেখে ভোটের আগে ঘুঁটি সাজানোর কথা। তবে রাজনৈতিক কৌশল কী হবে, সেব্যাপারে গত ৩ সপ্তাহে খোলসা করে কিছু বলা হয়নি দলের তরফে। এবার বিধানসভা ভোটের আগে মালদাজুড়ে দলের একাধিক কর্মসূচির কথা জানিয়েছে কংগ্রেস। বিভিন্ন ইস্যুতে ব্লকে ব্লকে আন্দোলন হবে। আর প্রতিটি ব্লকেই আন্দোলনের নেতৃত্ব দেবেন মৌসম। তবে বিধানসভা ভোটে তাঁকে কোন আসন থেকে টিকিট দেওয়া হবে, তার কোনও আভাস কিন্তু দেওয়া হয়নি। এব্যাপারে মৌসম বলেন, ‘কংগ্রেসের কর্মীদের আবেগ রয়েছে। তবে সংগঠন ততটা মজবুত নয়। সেই কাজটাই এবার করতে হবে।’

কংগ্রেসের সিদ্ধান্ত, জেলার প্রতিটি ব্লকে মৌসমের উপস্থিতিতে বিক্ষোভ সভা, প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ করা হবে। পাশাপাশি তাঁর কংগ্রেসে প্রত্যাবর্তনের জন্য ব্লকওয়াড়ি সংবর্ধনা সভারও আয়োজন করা হচ্ছে। এই কর্মসূচিগুলোর মধ্য দিয়ে বিধানসভা ভোটের আগে তৃণমূল স্তর থেকে কংগ্রেস নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা করতে চায় কংগ্রেস। সোমবার কংগ্রেসের ভবিষ্যৎ কর্মসূচির একটা তালিকা প্রকাশ করেছেন মালদা জেলা সভাপতি তথা সাংসদ ইশা খান চৌধুরী।

জমি হস্তান্তরের ৯ বছর কাটলেও মালদা (Malda Information) বিমানবন্দর চালু নিয়ে কোনও উদ্যোগ নেই রাজ্যের। এই ইস্যুকে সামনে রেখে ইংরেজবাজার টাউন কংগ্রেসের পক্ষ থেকে ৩১ জানুয়ারি মালদা বিমানবন্দরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে মৌসম, ইশা ছাড়াও উপস্থিত থাকবেন দলের জেলা স্তরের অন্য নেতারা। ইশা বলেন, ‘রাজ্য সরকার মালদার মানুষকে বিমানবন্দরের স্বপ্ন দেখিয়ে শুধু ভোট করে। প্রতিবারই মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে মালদা বিমানবন্দর (Malda Airport) চালুর কথা বলেন। কিন্তু সেই বিমানবন্দর আজও চালু হয়নি। এদিকে, আমি খোঁজ নিয়ে দেখেছি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বিমানবন্দরের জমি ৯ বছর আগেই রাজ্যকে হস্তান্তর করেছে। আমরা এই ইস্যুতে আন্দোলনে যাচ্ছি। বিমানবন্দরের সামনে টাউন কংগ্রেসের ব্যানারে এই আন্দোলন হবে।’ তাঁর অভিযোগ, শুধু মালদা বিমানবন্দর নয়, খালতিপুর রেল ওভারব্রিজের কাজও আটকে রয়েছে রাজ্য সরকারের পূর্ত দপ্তরের এনওসির জন্য। ইশা বলেন, ‘আমরা এনিয়েও আন্দোলনের কর্মসূচি নিয়েছি। এছাড়া ভাঙন প্রতিরোধের কাজে অনীহা দুই সরকারের, পরিযায়ী ইস্যু, নয়া ওয়াকফ আইন সহ একাধিক ইস্যু রয়েছে আমাদের। আমি এবং মৌসম দুজনেই প্রতিটি আন্দোলন ও বিক্ষোভ সভায় উপস্থিত থাকব।’

এদিকে, জেলাজুড়ে কংগ্রেসের (Congress) আন্দোলন কর্মসূচিতে মৌসমের উপস্থিতি কংগ্রেস নেতা-কর্মীদের মধ্যে উৎসাহের সঞ্চার করছে। ইংরেজবাজার টাউন কংগ্রেস সভাপতি নুর ইসলাম মহলদার জানান, ‘বিক্ষোভ কর্মসূচিতে মৌসম থাকবেন জেনে আমরা অত্যন্ত খুশি। ইশা ও মৌসম সামনে থেকে নেতৃত্ব দিলে কংগ্রেস পুরোনো জায়গা ফিরে পাবে।’

মানিকচকের মথুরাপুরে পানীয় জলপ্রকল্পের কাজ থমকে। এই ইস্যুতে আগামী ২৯ তারিখ মথুরাপুরে প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হবে। মৌসম সেখানে উপস্থিত থাকবেন জানতে পেরে মানিকচক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান উচ্ছ্বসিত। একইভাবে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে মৌসমকে নিয়ে কর্মসূচিতে সন্তোষ প্রকাশ করেছেন হরিশ্চন্দ্রপুর কংগ্রেস নেতা জিয়াউর রহমানও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *