কালিয়াচক: কংগ্রেসের জেলা পরিষদের সদস্য আবদুল হান্নানের (Abdul Hannan) গাড়িতে হামলা! ঘটনার পর থেকে আতঙ্কে কংগ্রেস নেতা ও তাঁর পরিবার। ইতিমধ্যেই কালিয়াচক থানায় অভিযোগ দায়ের করেছেন আব্দুল হান্নান। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ।
বুধবার রাতে মালদা শহর থেকে কালিয়াচকে (Kaliachak) যাওয়ার পথে সুজাপুর ও জালালপুরের মাঝখানে ১২ নম্বর জাতীয় সড়কে দু’জন বাইক আরোহী আচমকাই আব্দুল হান্নানের গাড়িতে ধাক্কা মারে। যার ফলে গাড়ির একাংশ চেপ্টে যায়। কিছু বুঝে ওঠার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপ্রর কোনওক্রমে মালদার (Malda) বাড়িতে ফিরে আসেন তিনি। গতকাল রাতেই গোটা ঘটনা জানিয়ে কালিয়াচক লিখিত অভিযোগ দায়ের করেন কংগ্রেস নেতা। অভিযোগ পেতেই তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।
এদিকে বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের সামনে হামলার প্রসঙ্গে আব্দুল বাবু জানান, ‘আমি আতঙ্কে রয়েছি। কেন আমার গাড়িতে এভাবে আচমকা ধাক্কা মারল আমি কিছুই বুঝে উঠতে পারছিনা। আমি বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছি। এই ঘটনা বিরোধীরা করেছে। তাঁরা আমাকে দেখে ভয় পাচ্ছে। কারণ এলাকার মানুষ আমাকে চাইছে। তাঁরা আমার ওপর হামলা করে আমার মনোবল ভেঙ্গে দিতে চাইছে। আমি চাই দ্রুত দুষ্কৃতীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক।’
প্রসঙ্গত, চলতি বছর ২ জানুয়ারি মালদা জেলার দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকারকে (TMC Chief Dulal Sarkar) প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়ে খুন করেন দুষ্কৃতীরা। এরপর বিগত দুমাসে মালদা জেলার একাধিক জায়গা থেকে উঠে এসেছে গুলি চালানোর ঘটনা। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতার গাড়িতে হামলার কথা সামনে আসতেই নতুন করে মালদার রাজনৈতিক আবহে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ।
