মালদা: দুই হাফে পরীক্ষার মাঝে দেড় ঘণ্টার বিরতি। এই সময়ে পরীক্ষার্থীদের স্কুলে আটকে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরীক্ষা হলে ঢোকার সময় পরীক্ষার্থীদের জলের বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে জল না খেয়েই ৬ ঘণ্টা ধরে পরীক্ষার্থীদের বসিয়ে রাখার অভিযোগ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ইংরেজবাজারের (Malda) নরহাট্টা জিএস হাইস্কুলের। প্রতিবাদে স্কুলের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন অভিভাবকরা। যদিও বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চাননি স্কুলের প্রধান শিক্ষক।
শনিবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনস বোর্ডের জেইএনপিএএস-এর পরীক্ষা ছিল। অন্যান্য স্কুলের মতো ইংরেজবাজারের নরহাট্টা জিএস হাইস্কুলেও পরীক্ষার সিট পড়েছিল। সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হলেও পরীক্ষার্থীদের দেড় ঘণ্টা আগেই রিপোর্টিং করতে বলা হয়েছিল। সেই অনুযায়ী পরীক্ষার্থীরা সাড়ে নটায় পরীক্ষা কেন্দ্রে ঢুকে পড়েন। অভিযোগ, পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের জলের বোতল নিয়ে যেতে দেওয়া হয়নি। দুপুর সাড়ে বারোটা নাগাদ প্রথম হাফের পরীক্ষা শেষ হলেও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রের বাইরে আসতে দেওয়া হয়নি। এনিয়ে অভিভাবকরা স্কুলের (Faculty) গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।
