Malda | ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মালদা! ১৭ জানুয়ারি দেশের প্রথম সেমি হাইস্পিড স্লিপারের উদ্বোধন

Malda | ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে মালদা! ১৭ জানুয়ারি দেশের প্রথম সেমি হাইস্পিড স্লিপারের উদ্বোধন

খেলাধুলা/SPORTS
Spread the love


কল্লোল মজুমদার, মালদা: বন্দে ভারত (Vande Bharat) স্লিপারের পথ চলাকে কেন্দ্র করে ‘ওয়াররুম’ মালদায় (Malda)। আগামী ১৭ জানুয়ারি দেশের প্রথম সেমি হাইস্পিড স্লিপারকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। আর তাকে কেন্দ্র করে এখন মালদা টাউন স্টেশনে রেলকর্তাদের আনাগোনা চলছে প্রত্যেকদিন। মঙ্গলবারও দিল্লির একটি বিশেষ দল স্টেশন পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখেছে। তাৎপর্যপূর্ণভাবে উদ্বোধনের অনেক আগে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো মালদায় পা রাখবেন বলে রেল সূত্রে খবর। ক’দিন আগে আসার সম্ভাবনা রয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেওউস্কার সহ রেল বোর্ডের পদস্থ কর্তাদের।

হাতে আর মাত্র ১০টা দিন। এরপরই উত্তরবঙ্গের মাটি ছুঁয়ে ছুটবে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। যথারীতি প্রধানমন্ত্রীর সফর ঘিরে ক্রমশ বাড়ছে প্রাপ্তির পারদ। রেল সূত্রে খবর, ট্রেনটিকে সবুজ পতাকা দেখানোর পাশাপাশি বাংলার জন্য একগুচ্ছ রেলপ্রকল্পের ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। মোদির সফরকে কেন্দ্র করে এক সপ্তাহ আগেই ওয়াররুম তৈরি করছে রেল। এখানে থেকেই এক সপ্তাহ ধরে সমস্ত তিছু তদারকি করবেন রেলকর্তারা। দফায় দফায় আসার কথা রয়েছে পূর্ব রেলের জেনারেল ম্যানেজারের। রেলের একটি সূত্র জানাচ্ছে, ১৭ জানুয়ারি সেমি হাইস্পিড স্লিপার চালু হলেও তার একদিন আগেই মালদায় পৌঁছে যাবেন রেলমন্ত্রী বৈষ্ণো। তবে তিনি মালদায় থাকবেন না মালদা থেকে অন্যত্র যাবেন, তা এখনও স্পষ্ট নয়। পূর্ব রেলের এক আধিকারিক বলেন, ‘বন্দে ভারত স্লিপারের উদ্বোধনকে মেগা ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে মালদা।’ চলতি সপ্তাহে স্লিপারের দুটি রেক মালদায় পৌঁছে যাবে বলে রেল সূত্রে খবর। ১ ও ২ নম্বর প্ল্যাটফর্মে থাকবে রেক দুটি। যে কারণে ১৬ এবং ১৭ জানুয়ারি এই দুটি প্ল্যাটফর্মে আপ-ডাউনের কোনও ট্রেন যেমন দাঁড়াবে না, তেমনই এখান থেকে ছাড়বে না। প্রধানমন্ত্রী সবুজ পতাকা দেখানোর পর বন্দে ভারত স্লিপার দুটি রওনা দেবে কামাখ্যা এবং হাওড়ার উদ্দেশে। যদিও রেলের মালদা ডিভিশনের জনসংযোগ আধিকারিক রসরাজ মাজি বলছেন, ‘এখনও কোনও পূর্ণাঙ্গ লিখিত নির্দেশ আমাদের কাছে আসেনি। তাই এখনই কিছু বলা যাবে না।’ তবে রেল সূত্রেই খবর, উত্তরবঙ্গের কয়েকটি স্টেশনের পরিকাঠামো উন্নয়নের ঘোষণার পাশাপাশি দূরপাল্লার অমৃত ভারত এক্সপ্রেস চালু করতে পারেন মোদি।

এদিকে, বন্দে ভারত স্লিপারের উদ্বোধন এবং প্রধানমন্ত্রীর সফরের পুরো ফায়দা তুলতে প্রচারে জোর দিতে তৎপর বিজেপি। ১৭ জানুয়ারি ইংরেজবাজার ও পুরাতন মালদা পুর এলাকার সংযোগস্থল মাধাইপুর থেকে বন্দে ভারতকে সবুজ পতাকা দেখাবেন প্রধানমন্ত্রী মোদি। যার জন্য জনসভার মঞ্চের পাশে পৃথক একটি মঞ্চ তৈরি করা হচ্ছে।‌ বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলছেন, ‘এখন পর্যন্ত ঠিক রয়েছে সভাস্থলে দুটি মঞ্চ হচ্ছে। একটি মঞ্চ সরকারি। ‌ সম্ভবত সেখান থেকেই প্রধানমন্ত্রী সবুজ পতাকা নেড়ে স্লিপার বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন। অপর মঞ্চ থেকে তিনি দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে ভাষণ দেবেন।’ ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি বেশ কয়েকটি রেলপ্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন প্রধানমন্ত্রী করতে পারেন বলে মনে করছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *