উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্য লগ্নে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে গমগম করছে গঙ্গাসাগর (Gangasagar)। বুধবার ভোররাত থেকেই হাড়কাঁপানো শীতকে উপেক্ষা করে গঙ্গাসাগরে শুরু হয়েছে পুণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা মেতেছেন শাহি-স্নানে (Holy Dip)। সাগরসঙ্গমে এখন শুধুই জনসমুদ্র।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মেলা চত্বরকে নিরাপত্তার নিশ্ছিদ্র চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন। কয়েক হাজার পুলিশ ও ভলান্টিয়ারের পাশাপাশি আকাশপথে ড্রোন ও সিসিটিভি ক্যামেরার মাধ্যমে চলছে কড়া নজরদারি। চলতি বছরের গঙ্গাসাগর মেলায় প্রথমবার মোতায়েন করা হয়েছে ওয়াটার ড্রোন বা রেসকিউ ড্রোন। যা সমুদ্রসৈকতজুড়ে নজরদারি থেকে শুরু করে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজে সাহায্য করবে। তাছাড়াও জলপথে কোনও দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং নৌবাহিনী নিরন্তর টহল দিচ্ছে। নিখোঁজদের সহায়তায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। গঙ্গাসাগরে স্নানের পাশাপাশি কপিল মুনির আশ্রমে পুজো দেওয়ার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। সব মিলিয়ে মকর সংক্রান্তির পুণ্যতিথিতে ভক্তি আর নিরাপত্তার মেলবন্ধনে উৎসবমুখর হয়ে উঠেছে গঙ্গাসাগর। প্রশাসনের তৎপরতায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হচ্ছে স্নান ও পূজা অর্চনা।
