উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সংসদে ‘প্রশ্নের বিনিময়ে ঘুষ’ মামলায় বড়সড়ো স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra SC Keep)। তাঁর বিরুদ্ধে তদন্তকারী সংস্থা সিবিআই-এর চার্জশিট পেশের ওপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court docket)। শুক্রবার শীর্ষ আদালত এই মামলার অন্যতম অভিযোগকারী বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, খোদ মহুয়া মৈত্র এবং সিবিআই-এর কাছে জবাবদিহি চেয়ে নোটিশ পাঠিয়েছে।
আইনি লড়াইয়ের প্রেক্ষাপট
গত ১২ নভেম্বর এই মামলায় লোকপাল সিবিআই (CBI)-কে মহুয়ার বিরুদ্ধে চার্জশিট জমা দেওয়ার অনুমতি দিয়েছিল। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৃষ্ণনগরের সাংসদ। গত ডিসেম্বরে দিল্লি হাইকোর্ট ‘আইনগত ত্রুটি’র কথা উল্লেখ করে লোকপালের পুরোনো নির্দেশ খারিজ করে দেয় এবং নতুন করে বিবেচনার জন্য চার সপ্তাহের সময় বেঁধে দেয়। সেই সময়সীমা নিয়ে টানাপোড়েনের পর বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। শুক্রবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ের একটি নির্দিষ্ট অংশে স্থগিতাদেশ দিয়ে চার্জশিট পেশের প্রক্রিয়া থামিয়ে দিয়েছে।
অভিযোগের ইতিবৃত্ত
বিগত লোকসভার সদস্য থাকাকালীন দুবাইয়ের শিল্পপতি দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে মহুয়ার বিরুদ্ধে। নিশানা করেছিলেন শিল্পপতি গৌতম আদানিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-কে অস্বস্তিতে ফেলার জন্যই মহুয়া এই কাজ করেছিলেন বলে অভিযোগ জানিয়ে লোকসভার স্পিকারকে চিঠি দিয়ে মহুয়াকে সাংসদপদ থেকে বরখাস্ত করার দাবি তুলেছিলেন ঝাড়খণ্ডের গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত। এমনকি মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই-ও তাঁর বিরুদ্ধে সরব হন।
সাংসদপদ খারিজ ও প্রত্যাবর্তন
সংসদের এথিক্স কমিটির সুপারিশ মেনে ২০২৩ সালের ৮ ডিসেম্বর মহুয়ার সাংসদপদ খারিজ করা হয়েছিল। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে পুনরায় জয়লাভ করে সংসদে ফেরেন তিনি। সিবিআই-এর দাবি, হিরানন্দানি নিজেই হলফনামা দিয়ে জানিয়েছেন যে তিনি মহুয়ার সংসদের লগ-ইন আইডি ব্যবহার করে প্রশ্ন পোস্ট করতেন। তদন্তকারী সংস্থার মতে, ঘুষের বিনিময়ে মহুয়া মোট ৬১টি প্রশ্ন করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে আপাতত সিবিআই মহুয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পরবর্তী ধাপে এগোতে পারবে না।
