উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্রের (Maharashtra) গড়চিরোলি জেলায় (Gadchiroli) মাওবাদী দমনে বড়সড় সাফল্য পেল যৌথবাহিনী (Maoist Encounter)। তিন দিনব্যাপী চলা এক রুদ্ধশ্বাস অভিযানে শীর্ষ মাওবাদী নেতা প্রভাকর ওরফে লোকেটি চন্দর রাও সহ মোট ৭ মাওবাদী নিকেশ হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন মহিলা মাওবাদী রয়েছেন। তবে এই অভিযানে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে শহিদ হয়েছেন দীপক চিন্না মাডভি নামে ৩৮ বছর বয়সি এক সি-৬০ কমান্ডো।
পুলিশ সূত্রে খবর, গত ৩ ফেব্রুয়ারি রাতে ছত্তিশগড় সীমান্ত সংলগ্ন এলাকায় মাওবাদী গতিবিধির নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়। গড়চিরোলি পুলিশের চৌকস বাহিনী ‘সি-৬০’ (C-60) এবং সিআরপিএফ (CRPF)-এর যৌথ দল নারায়ণপুর-গড়চিরোলি সীমান্তের দুর্গম বনাঞ্চলে অভিযান চালায়। ৪ ফেব্রুয়ারি জঙ্গলের ভেতরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। এরপর গত বৃহস্পতিবার সি-৬০-এর অতিরিক্ত ইউনিট মোতায়েন করা হয় এবং অভিযান আরও জোরদার করার জন্য সিআরপিএফ-এর একটি ইউনিটকেও দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে তিন মাওবাদীর দেহ উদ্ধার করা হলেও, শুক্রবার আরও চারটি দেহ উদ্ধার করা হয়।
নিহত মাওবাদী কমান্ডার প্রভাকরের মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। তিনি মাওবাদীদের ‘কোম্পানি নম্বর ১০’ এবং গড়চিরোলি ডিভিশন কমিটির ইন-চার্জ হিসেবে কর্মরত ছিলেন। ঘটনাস্থল থেকে তিনটি একে-৪৭ সহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
মহারাষ্ট্র পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লড়াই চলাকালীন জওয়ান দীপক মাডভি দুই মাওবাদীকে খতম করার পর গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। অন্য এক আহত জওয়ানের চিকিৎসা চলছে এবং বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে এই অপারেশনকে মাওবাদী দমন অভিযানে একটি বড় মাইলফলক হিসেবে দেখছে প্রশাসন।
