উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : রূপান্তরকামী সেজে অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি তরুণকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আব্দুল কালাম। পুলিশ ও প্রশাসনের নজর এড়াতে নেহা নাম নিয়ে ছদ্মবেশে প্রায় ২৮ বছর ভারতে ছিলেন তিনি। এর মধ্যে প্রায় আট বছর ছিলেন মধ্যপ্রদেশেই। অবশেষে ভোপাল পুলিশের হাতে ধরা পড়েছেন অভিযুক্ত। ধৃতের ঠাঁই হয়েছে জেলে।
অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে ধরপাকড় চলছে ভোপালে। আর তখনই উঠে আসে, ভারতীয় নাগরিক সেজে দিব্যি এদেশে রয়েছেন আব্দুল। পুলিশের দাবি, আব্দুল রূপান্তরিত নন, চিকিৎসার মাধ্যমে লিঙ্গ পরিবর্তনও করেননি। তিনি পুরুষ ছিলেন, পুরুষই আছেন। বাংলাদেশ থেকে ভারতে এসে সকলের চোখে ধুলো দেওয়ার জন্য রূপান্তরকামী সেজে বসবাস করছিলেন। ধৃতের থেকে নকল আধার কার্ড, ভোটার কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশের তদন্তে উঠে এসেছে, মাত্র ১০ বছর বয়সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি আব্দুল। বছর কুড়ি মুম্বইয়ে ছিলেন তিনি। আট বছর আগে তিনি আসেন মধ্যপ্রদেশের ভোপালে। ভোপালে থাকাকালীন রূপান্তরিত নারী ‘নেহা’ পরিচয়ে ভুয়ো কাগজপত্রও তৈরি করে ফেলেন আব্দুল। অভিযুক্ত মাঝেমধ্যে নিজের দেশেও যেতেন। অবশেষে ভোপাল পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। এর পিছনে বড় কোনও চক্র জড়িত রয়েছে বলে পুলিশের অনুমান। আব্দুলকে জেরা করে চক্রের খোঁজ পেতে চাইছে পুলিশ।
