উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ পশ্চিম এশিয়ার দীর্ঘমেয়াদী উত্তেজনার জেরে জ্বালানি বাজারে তৈরি হওয়া চাপ কিছুটা প্রশমিত করতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, দেশের গ্রামীণ এলাকায় রান্নার গ্যাস (LPG) বুকিংয়ের ক্ষেত্রে যে কড়াকড়ি নিয়ম চালু ছিল, তা শিথিল করা হচ্ছে। এখন থেকে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের গ্রাহকরাও মাত্র ২৫ দিন অন্তর গ্যাস বুক করতে পারবেন। এতদিন যা ৪৫ দিন নির্ধারিত ছিল।
চলতি বছরের মার্চ মাসে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার কারণে ভারতে রান্নার গ্যাসের ভাণ্ডারে টান পড়েছিল। কালোবাজারি রোধ ও গ্যাসের পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সেই সময় শহরাঞ্চলে ২৫ দিন এবং গ্রামীণ এলাকায় সিলিন্ডার বুকিংয়ের ন্যূনতম ব্যবধান বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে এই বিধিনিষেধ তুলে নিল কেন্দ্র।
এই সিদ্ধান্তের ফলে দেশের সমস্ত গার্হস্থ্য গ্যাস গ্রাহকই এখন থেকে শহর ও গ্রামের ভেদাভেদ ছাড়াই সমানভাবে প্রতি ২৫ দিন অন্তর গ্যাস বুক করার সুবিধা পাবেন। রান্নার গ্যাসের এই সহজলভ্যতায় উৎসবের মরশুমের আগে গ্রামীণ সাধারণ মানুষের হেঁশেলে স্বস্তির হাওয়া ফিরবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

