উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লিভার শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ (Liver)। শরীরকে দূষণমুক্ত রাখা, রক্ত জমাট বাঁধতে না দেওয়া, হজমে সাহায্য করার মতো একাধিক কাজে সাহায্য করে লিভার। তবে খাওয়াদাওয়ায় অনিয়মের জেরে এই অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি হয়। তাই লিভার ভালো রাখতে চাইলে কিছু খাবার একসঙ্গে খেতে পারেন। সেগুলি কী কী জেনে নিন।
দই আর বেরি
লিভার আর পাকস্থলী ভালো রাখতে পারে দই আর বেরিজাতীয় ফলের জুটি। পলিফেনল আর প্রোবায়োটিকের যুগলবন্দি পাকস্থলীতে মাইক্রোবায়োম ব্যাকটিরিয়াগুলিকে সচল করে। ফলে হজম ভালো হয়, পাকস্থলীর উপর চাপ কম পড়ে।
আপেল আর পিনাট বাটার
লিভারের সবচেয়ে বেশি ক্ষতি হয় ভাজাভুজি আর প্রক্রিয়াজাত খাবার খেলে। তাই হালকা খিদে পেলে ভাজাভুজির বদলে আপেলের সঙ্গে পিনাট বাটার খেতে পারেন। আপেলে থাকা ফাইবার আর পিনাট বাটারে থাকা স্বাস্থ্যকর ফ্যাট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে, পেট অনেকক্ষণ ভরা রাখে। ফলে ভুলভাল খাওয়ার প্রবণতা কমে।
হলুদ আর গোলমরিচ
লিভারের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাঁচা হলুদ আর গোলমরিচের জুটি। গোলমরিচে থাকা পেপেরাইন, শরীরে হলুদের মধ্যে থাকা কারকিউমিনের শোষণ ক্ষমতা অনেকটা বাড়িয়ে দেয়। কারকিউমিন লিভার আর পাকস্থলীতে সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে।
